বর্তমানে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহৃত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালী মার্কেটকে ৫০০ শয্যার আরবান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল বেলা ১১টায় মহাখালীতে ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনকালে এ কথা জানান তিনি।
পরিদর্শন শেষে মেয়র বলেন, ‘আপনারা জানেন ডিএনসিসি মার্কেট মূলত পাইকারি কাঁচাবাজারের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে এটি বাজারে বাস্তবায়ন করা যায়নি। ৭০০ দোকান বিক্রয়ের পরিকল্পনা নিয়ে গত বছর আমরা সিটি করপোরেশনের বাজেট প্রণয়ন করেছিলাম। কিন্তু এর মাঝে কভিড এলো। কভিড আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিজস্ব কোনো হাসপাতাল নেই। ঢাকা সিটি করপোরেশন যখন দুই ভাগ হয় তিনটি হাসপাতালই দক্ষিণ সিটি করপোরেশনে পড়েছে। মার্চের শুরুতে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে আমরা বলেছিলাম প্রয়োজন হলে এই মার্কেটকে আইসোলেশন সেন্টারে রূপান্তর করা হবে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে এটি আর্মড ফোর্স ডিভিশনের কাছে হস্তান্তর করা হয়। আর্মড ফোর্স ডিভিশন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আমি মিটিং করে কাজ শুরু করি।’
