চীন থেকে হংকংয়ে নতুন ‘নিরাপত্তা আইন’ পাশ করার এক মাসের মাথায় প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব জিমি লাইকে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন। ‘বিদেশি শক্তির সঙ্গে জোটবদ্ধ’ হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
লাইয়ের অ্যাপল ডেইলি তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ভোর সাতটার দিকে ১০ জন পুলিশ ৭২ বছর বয়সীর বাড়িতে প্রবেশ করেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, লাইয়ের সঙ্গে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তার দুই ছেলে এবং পত্রিকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন।
পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, তাদের বয়স ৩৯ থেকে ৭২ বছরের মধ্যে।
নিজেদের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে চীন নতুন আইনটি পাশের পর এই প্রথম এমন প্রভাবশালী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।
নতুন আইনের সময় হংকং ঠিক এই ভয়টাই পেয়েছিল। ‘দেশদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহিতা’ ঠেকানোর জন্য যে ‘ন্যাশনাল সিকিউরিটি ল’করা হয়েছে, সেটি মূলত চীনের বিরুদ্ধে সব ধরনের আন্দোলন ঠেকিয়ে রাখতে।
‘এটি (গ্রেপ্তার) আমাদের খুব নেতিবাচক বার্তা দিল,’ হংকংয়ের প্রবীণ রাজনীতিবিদ এমলি লাউ আল-জাজিরাকে বলেছেন, ‘যারা কথা বলতে চায়, বিশেষ করে গণমাধ্যমে তাদের জন্য এটি শঙ্কার ব্যাপার।’
