সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজনে সরকারি ছাড়পত্র পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতীয় সরকারের পক্ষে নৈতিক সম্মতি আগেই মিলেছিল। তবে আনুষ্ঠানিক ছাড়পত্রের জন্য ছিল অপেক্ষা। অবশেষে লিখিত ছাড়পত্র এসেছে ভারতীয় বোর্ডের হাতে।
সংবাদ সংস্থা পিটিআইকে আইপিএল চেয়ারম্যান বলেন, ‘হ্যাঁ, আমরা সমস্ত লিখিত ছাড়পত্র পেয়েছি।’
ব্রিজেশ প্যাটেল আরো জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভারতীয় ক্রিকেট বোর্ডকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআইকে।
আইপিএল শুরুর দিনক্ষণ অবশ্য আগেই জানিয়েছিল বিসিসিআই। আরব আমিরাতের ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হয়ে পর্দা নামবে ১০ নভেম্বর। করোনার কারণে এবার দেশের বাইরে আইপিএল আয়োজন করছে বিসিসিআই।
