‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ

ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৩:৩৫ এএম

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার ওসিসহ পাঁচ পুলিশ ও এক সোর্সের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ইসলামপুরের বস্ত্র ব্যবসায়ী মো. সোহেল। গতকাল সোমবার বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান ছাড়া মামলার অন্য আসামিরা হলেন এসআই পবিত্র সরকার, খালেদ শেখ ও মো. শাহিনুর, কনস্টেবল মিজান ও পুলিশের সোর্স মোতালেব।

এজাহারে বলা হয়েছে, গত ২ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে বুড়িগঙ্গা নদী পার হয়ে কোতোয়ালি থানার ওয়াইজঘাট এলাকা দিয়ে মেয়ের বাসায় যাচ্ছিলেন মো. সোহেল। পথে তাকে থামিয়ে তল্লাশি করে পকেটে থাকা ২ হাজার ৯০০ টাকা নিয়ে নেয় পুলিশ। এরপর টাকা ফেরত চাইলে আসামিরা বাদীকে মারধর করেন। একপর্যায়ে স্থানীয়রা ঘটনা জানতে চাইলে আসামিরা বলেন, তার পকেটে ইয়াবা পাওয়া গেছে। এ ছাড়া তাকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলেও দাবি করেন তারা। পরে আসামিরা বাদীকে থানায় নিয়ে যান এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় সোহেলকে ‘ক্রসফায়ারে’ মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ওসি বাদীর পরিবারের সদস্যদের টাকার ব্যবস্থা করতে বলেন। তারা রাতেই পুলিশকে ২ লাখ টাকা দেন। পরদিন সকালে আরও ১ লাখ টাকা দেওয়া হয়। এরপর মাদক সেবন ও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে সোহেলকে আদালতে পাঠানো হয় এবং অর্থদণ্ড (জরিমানা) দিয়ে আসামিরাই তাকে জামিন করিয়ে আনেন। এ সব বিষয়ে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখলেই ঘটনার সত্যতা পাওয়া যাবে বলে বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘সোহেলের অভিযোগ সঠিক নয়। তদন্ত করলেই তার প্রমাণ পাওয়া যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত