বিশ্বনাথে এমপি মোকাব্বিরের গাড়িতে হামলা

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৬:১৩ এএম

সিলেট-২ আসনের সাংসদ ও গণফোরাম নেতা মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় গাড়ির সামনের কাচ ভেঙে গেছে। গতকাল সোমবার বিকেলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

মোকাব্বির খানের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের দুজন নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। যদিও এ ঘটনায় সাংসদ ও তার সফরসঙ্গীদের কেউই আহত হননি। একাধিক সূত্র জানায়, সাংসদ মোকাব্বির খান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম নুনু মিয়ার বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

বিশ^নাথ থানার ওসি শামীম মুসা দেশ রূপান্তরকে জানান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদানের জন্য সাংসদ মোকাব্বির খান বিশ^নাথে যান। গাড়িটি উপজেলা পরিষদ এলাকায় পৌঁছালে কিছু লোক হঠাৎ সেøাগান দেওয়া শুরু করে। এ সময় এমপির গাড়ি লক্ষ্য করে একটি ইট ছোড়া হয়। এতে গাড়ির একটি গ্লাস ভেঙে যায়।

ওসি জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হামলার ঘটনার পর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তৃতাকালে এমপি বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদের নেতৃত্বে আমার গাড়িতে হামলা চালানো হয়েছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

সভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানও এমপির গাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ব্যাপারে বক্তব্য জানার জন্য এস এম নুনু মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত