সড়ক উন্নয়ন কাজে ঠিকাদারের গাফিলতি পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্ত করার তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি বলেন, ‘চলমান উন্নয়ন কাজের গতি বাড়াতে সংশিষ্ট প্রকৌশলীদের মাঠে থেকে কাজ আদায় করতে হবে। ঠিকাদাররা ঠিকভাবে কাজ করছেন কি-না, গুণগত মান ঠিক আছে কি-না,
তা শতভাগ বুঝে নিতে হবে।’ গতকাল সোমবার বিকেলে টাইগারপাসের নগর ভবনের সম্মেলন কক্ষে চসিকের প্রকৌশল বিভাগের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন তিনি।
খোরশোদ আলম বলেন, ‘নাগরিক সেবা দিতে গিয়ে যদি কেউ অনিয়মে জড়িয়ে পড়েন, তাহলে সেটির জবাবদিহি নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে হারামের মধ্যে আরাম নেই। এ কথাটা উপলব্ধি করে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব শেষ করতে হবে। সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কাছে নগরবাসীর অনেক প্রত্যাশা রয়েছে। বিভাগটির কাজগুলোর সফলতা যেমন দৃশ্যমান, তেমনি দৃশ্যমান ভুল-ভ্রান্তিগুলোও। তাই এসব ভুলভ্রান্তি সংশোধন করে এগিয়ে যেতে হবে।’
নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর কাজ অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের ওপর জোর দিয়ে নবনিযুক্ত প্রশাসক আরও বলেন, ‘ওয়ার্ক অর্ডারে বর্ণিত সময়ের মধ্যেই ঠিকাদাররা কাজ সম্পন্ন করছেন কি-না তা খেয়াল রাখতে হবে। যেসব সড়ক অবৈধ স্থাপনা, ট্রাক-বাস স্ট্যান্ড ও অবৈধ গাড়ি পার্কিং দ্বারা দখল হয়েছে জরিমানা আদায়সহ সেগুলো দ্রুত উচ্ছেদ করতে হবে।
