সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এতদিন কোনো নির্দিষ্ট সিরিজের উদ্দেশ্য ছাড়াই বিভক্ত অনুশীলন করছিলেন ক্রিকেটাররা। এবার একটি সিরিজ সামনে রেখে অনুশীলন হবে। তবে পুরোদমে দল হয়ে অনুশীলন কবে হবে তা এখনো অজানা। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরের লিখিত নিশ্চয়তা পেলেই অনুশীলন ক্যাম্পের আয়োজন করবেন তারা।
এক ভিডিও বার্তায় সুজন জানিয়েছেন, ‘সূচি চূড়ান্ত করার পর জাতীয় দলের ক্যাম্পের সময় ঠিক করব। আপাতত প্রাথমিকভাবে ঠিক করা আছে, সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে গেলে এর আগে ক্যাম্প আয়োজন করব। জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের একটি অ্যাপসের আওতায় নিয়ে আসা হয়েছে। কভিড-১৯ ওয়েলবিং অ্যাপস। এর মাধ্যমে সরাসরি তাদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করছে আমাদের চিকিৎসা বিভাগ। যখনই ক্যাম্পের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, আগে ওদের আইসোলেশনে নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করাব, এরপর আবাসিক ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
শ্রীলঙ্কা সফর প্রায় নিশ্চিত হলেও কোন সংস্করণে কতটি ম্যাচ হবে তা চূড়ান্ত হয়নি। সংস্করণ চূড়ান্ত হলেই ঠিক করা হবে সফরের দিনক্ষণ। ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। প্রাথমিকভাবে আলোচনা ছিল, আমাদের তিন টেস্টের একটা সিরিজ হবে। এর সঙ্গে আরও তিনটি টি-টোয়েন্টি খেলার একটা প্রস্তাব এসেছে। এটা আমরা নিজেরা কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।’
