কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৭:৩০ এএম

করোনার প্রকোপ শুরুর পর স্থবির হয়ে যায় শোবিজ। ধীরে ধীরে নাটক, গান ও নাচের অনুষ্ঠান শুরু হলেও সিনেমার কাজ এখনো শুরু হয়নি। এই অবসর সময়ে উপস্থাপনা নিয়ে হাজির হয়েছেন চিত্রনায়ক নিরব হোসেন। তার সঙ্গে কথা বলেছেন রণ

উপস্থাপক নিরব...

ক্যারিয়ারের শুরুতে যখন মডেলিং বা ছোট পর্দার অভিনয় করতাম, তখন অনেক উপস্থাপনার প্রস্তাব পেয়েছি। কিন্তু খুব একটা মনোযোগী হতে পারিনি। টুকটাক হয়তো করেছি। কিন্তু এখন লকডাউনের এই দীর্ঘ সময়টা কাজে লাগানোর জন্য এমন কিছু খুঁজছিলাম যা করলে নিজে যেমন আনন্দ পাব, দর্শককেও আনন্দ দিতে পারব। সেই ভাবনা থেকে আমি আর ইমন মিলে উপস্থাপনার বিষয়ে সিরিয়াস হই।

পরপর দুই অনুষ্ঠান...

ঈদে এটিএন বাংলার ১০ পর্বের একটি সেলিব্রেটি টক শো করেছি। টেলিভিশনের কাজ বলে একেবারেই প্রফেশনালভাবে স্টুডিওতে গিয়ে কাজ করেছি। আমাদের সঙ্গে জনপ্রিয় তারকারা অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন। অনুষ্ঠানটি দর্শক পছন্দ করেন। এরপর প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজির অঙ্গ প্রতিষ্ঠান লাইভ রেডিওর জন্য একটি অনুষ্ঠান শুরু করেছি। প্রতিদিন রাত ৮টায় শুরু হয়ে কমপক্ষে ১ ঘণ্টা আলোচনা চলে। শোটি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে। এটি মূলত লাইভ আড্ডা। আমরা যে যার ঘর থেকে শোতে উপস্থিত হই অনলাইনের মাধ্যমে। আমরা শোবিজের বিভিন্ন মাধ্যমের সুপারস্টারদের অতিথি হিসেবে পাচ্ছি। এই যেমন ঢালিউড কিং শাকিব খান এর আগে কোনো রেডিও শোতে আসেননি। আমাকে আর ইমনকে তিনি ভালোবাসেন বলে না করতে পারেননি।

বিতর্ক বা অস্বস্তি কাম্য নয়...

অনুষ্ঠানের শুরু থেকেই আমরা চেয়েছি একজন জনপ্রিয় তারকার ভেতরের সাধারণ মানুষটাকে দর্শকের সামনে তুলে ধরতে। তাই আমরা কোনো স্ক্রিপ্ট করে অনুষ্ঠান করি না। কথা বলতে বলতে যা মাথায় আসে সেই প্রশ্ন করি। অযথা বিতর্ক সৃষ্টি বা কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। অনেকে ভাবে এগুলো ছাড়া শো কেউ দেখে না। কিন্তু আমাদের শোতে তো এগুলো ছাড়াই দারুণ সাড়া পাচ্ছি। অতিথি হিসেবে এখন পর্যন্ত এসেছেন শাকিব খান, ফেরদৌস, রিয়াজ, পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর, নিপুণ, রাফিয়াত রশিদ মিথিলা, আসিফ আকবর ও মেহজাবিন চৌধুরী। আজ রাতে অতিথি থাকবেন মেহের আফরোজ শাওন। সামনে আসার জন্য কথা চূড়ান্ত হয়েছে মাহিয়া মাহি, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর মতো সুপারস্টাররা। কাজটি আমি খুব উপভোগ করছি। যে মানুষদের অনেক দিন ধরে চিনি তাদের আরও ভালোভাবে চিনতে পারছি।

আটকে থাকা কাজ...

লকডাউনের আগে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ সিনেমার শ্যুটিং করছিলাম। এর মধ্যে ‘তিতুমীর’ সিনেমার পোস্টার প্রকাশ হয়। এ কাজটিও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সব কাজ পিছিয়ে গেছে। সব ঠিক হলে নতুন সিনেমার শ্যুটিং দিয়েও কাজে ফিরতে পারি। এখন প্রতিটি কাজ অনেক হিসাব করে নির্বাচন করছি। বলতে পারেন, কাজের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে সামনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত