যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা কেনার দৌড়ে এগিয়ে আছে মাইক্রোসফট। চীনা ভিডিও শেয়ারিং অ্যাপটির সঙ্গে মাইক্রোসফটের সম্ভাব্য চুক্তিকে ‘বিষের পেয়ালা’ বলে আখ্যা দিয়েছেন কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যারডের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটি বলেন বিল গেটস। তার মতে, টিকটকের অংশ অধিগ্রহণ সহজ হবে না। মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বলেন, কে জানে এই চুক্তি নিয়ে কী হবে? তবে হ্যাঁ, এটি একটি বিষাক্ত পেয়ালা। মাইক্রোসফটের সামাজিকমাধ্যম খাতে আসা নিয়ে সতর্ক করেন বিল গেটস। তার মতে, সামাজিকমাধ্যম ব্যবসায় বড় খেলোয়াড় হওয়াটা সহজ কোনো খেলা নয়। এদিকে টিকটকের মালিকানা কেনার দৌড়ে নাম লিখিয়েছে টুইটারও।
তবে টিকটক মাইক্রোসফটকে ‘হারিয়ে’ এই দৌড়ে টিকে থাকতে পারবে কি না, তা নিয়ে অবশ্য সন্দেহ আছে প্রযুক্তি বিশ্লেষকদের। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, টুইটারের এখন যে অর্থ আছে, তা দিয়ে টিকটক কেনা সম্ভব নয়। এজন্য তাদের অতিরিক্ত ফান্ড জোগাড় করতে হবে কিংবা ঋণ নিতে হবে। নিরাপত্তার অজুহাতে ট্রাম্প ইতিমধ্যে টিকটককে একটা সিদ্ধান্তে আসতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এ সময়সীমার মধ্যে কোম্পানিটিকে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে মালিকানা বিক্রি করতে হবে, অন্যথায় তাদের কার্যক্রম গুটিয়ে ফেলতে হবে। কয়েক দিন আগে জানা যায়, ছোট ভিডিও বানানোর এই অ্যাপটি কেনার পরিকল্পনা করছে মাইক্রোসফট। ট্রাম্পের সঙ্গে তাদের এ বিষয়ে আলাপও হয়েছে।
