ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে খুব সক্রিয় টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এই সময়ে কোনো খেলা না থাকলেও ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিটি আপডেট দিয়ে গিয়েছেন এই অফ-স্পিনার৷
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর মাসখানেক আগে নতুন লুক নেওয়ার আপডেটও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন অশ্বিন।
টুইটার ও ইনস্টাগ্রামের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট সম্পর্কিত আলোচনা হরভজন সিং থেকে শুরু করে বিরাট কোহলি নিয়ে শো করেছেন অশ্বিন৷
সেসব অনুষ্ঠানে দেখা গিয়েছে লম্বা চুলের আশ্বিনকে৷ কিন্তু সোমবার তারকা এই স্পিনার ইনস্টাগ্রামে নতুন হেয়ার কাট ও ভালোভাবে ছাঁটাই দাঁড়ির ছবি পোস্ট করেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। লিখেছেন- “পরিষ্কার করে ফেললাম, খুব ভালো লাগছে।”
অশ্বিনের নতুন লুক নেওয়ার দিন ভারতীয় সরকার সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএল আয়োজনের সিদ্ধান্তে সবুজ সংকেতও দিয়েছে।
আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, “সরকার থেকে লিখিত সম্মতি আমাদের হাতে এসে পৌঁছেছে। সরকার থেকে মৌখিক সম্মতি পাওয়ার পরেই আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাবার্তা এগিয়েছিলাম।“
“আর এখনো আমাদের কাছে সরকারের লিখিত সম্মতিও এসে গিয়েছে। এবার আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিষয়টি জানিয়ে দেব।”
আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর শুরু হবে স্থগিত হয়ে থাকা আইপিএল’র ত্রয়োদশ আসর৷ ১০ নভেম্বরের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৫৩ দিনের টুর্নামেন্ট।
