সরফরাজকে টেস্ট ছাড়ার পরামর্শ রমিজের

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৮:২৬ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ছিলেন না সরফরাজ আহমেদ। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে দ্বাদশ খেলোয়াড় হিসেবে মাঠে পানি টেনতে দেখা গেছে। যা নিয়ে দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন। সরফরাজকে নিয়ে এবার মুখ খুললেন রমিজ রাজা।

সাবেক এই অধিনায়ক ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ সরফরাজকে টেস্ট থেকে অবসর নিয়ে শুধু সাদা বলে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন।

ওল্ড ট্রাফোর্ডে সরফরাজকে পানি টানতে দেখে শোয়েব আখতার ও রশিদ লতিফ ক্ষোভ ঝেড়েছিলেন টিম ম্যানেজমেন্টের ওপর। রমিজ অবশ্য একজন সাবেক অধিনায়কের দ্বাদশ খেলোয়াড় হিসেবে পানি টানার ব্যাপারটাকে বড় কিছু মনে করেন না।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনও যে একাদশের বাইরে থাকায় পানি নিয়ে মাঠে গেছেন, মনে করিয়ে দিয়েছেন সেটি। তবে নিজেদের দেশের সংস্কৃতিতে এমন দৃশ্য যে খুব পরিচিত নয় সেটি মনে করিয়ে দিয়েছেন তিনি।

রমিজ মনে করেন ৩৩ বছর বয়সী সরফরাজের টেস্ট দলে ঢোকার সম্ভাবনা খুবই ক্ষীণই। তাই ৪৯ টেস্ট, ১১৬ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলা সরফরাজকে তার পরামর্শ, ‘আমি বলব ভালো করে ভেবে দেখ এবং টেস্ট থেকে অবসর নাও। সাদা বলের ক্রিকেটে মনোযোগ দাও।’

ইউটিউব চ্যানেল ক্রিকেট বাজে রমিজ আরো বলেন, ‘তাকে টেস্ট স্কোয়াডে রাখার ফলে মোহাম্মদ রিজওয়ানের ওপরও চাপ দেওয়া হচ্ছে। তার সব সময় চিন্তা থাকছে ঘাড়ের ওপর সাবেক এক অধিনায়ক নিশ্বাস ফেলছে এবং এটা ওর জন্য ভালো কিছু নয়। আমার মনে হয় না সরফরাজকে বেঞ্চেও রাখা উচিত। ওর উচিত টেস্টকে বিদায় বলা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত