ম্যাচ রেফারি বাবার আদালতে শাস্তি হলো ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের। পাকিস্তানের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় জরিমানা করা হয়েছে ব্রডকে। নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
ম্যানচেস্টার টেস্টে ম্যাচ রেফারি ছিলেন ব্রডের বাবা ক্রিস ব্রড। আইসিসি এক বিবৃতিতে জানায়, ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন স্টুয়ার্ট ব্রড। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ঘটনাটা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৪৬তম ওভারের। ইয়াসির শাহকে আউট করার পর অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন ব্রড। আইসিসি বলছে, ব্রডের বিরুদ্ধে আর্টিকেল ২.৫ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, দুই বছর সময়ের মধ্যে কোনো ক্রিকেটার ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে তিনি একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির যেটি আগে আসে, সেটিতে নিষিদ্ধ থাকবেন। ব্রডের নামের পাশে এখন তিনটি ডিমেরিট পয়েন্ট।
