ভিডিও কনফারেন্সে কাদের

বাংলাদেশ-ভারত বন্ধুত্ব যেকোনো সময়ের চেয়ে উষ্ণ

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৬:২১ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ-ভারত বন্ধুত্ব ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ। গতকাল মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, হাজার বছর ধরে বিভিন্ন ধর্মের অনুসারীরা এ দেশে পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস ও ধর্মচর্চা করে আসছে। সমকালীন বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন বাংলাদেশ। এখানে মসজিদ এবং পূজামণ্ডপ পাশাপাশি, এক ধর্মের মানুষ অন্য ধর্মের অনুষ্ঠানে যোগ দেয়। বিপদে-আপদে সহযোগী আর সহমর্মী হয়। আবহমানকাল থেকেই এ চর্চা হয়ে আসছে এই বদ্বীপ জনপদে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের উন্নয়নে যেমনি প্রয়োজন অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, তেমনি প্রয়োজন প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই প্রতিবেশীর সঙ্গে খারাপ সম্পর্ক রেখে এগোতে পারে না। এ বাস্তবতায়, বাংলাদেশ-ভারত তথা শেখ হাসিনা-নরেন্দ্র মোদি সরকারের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। একাত্তরের রক্তের রাখি বন্ধনে আবদ্ধ এ বন্ধুত্ব বর্তমানে ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ।

ওয়াবদুল কাদের এ সময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, দেশের নাগরিক হিসেবে সবার সমান সুযোগ এবং অধিকার রয়েছে। আপনারা নিজেদের মাইনোরিটি ভাববেন না। এ শব্দটি আপনাদের মানসিকভাবে পিছিয়ে রাখবে। আপনারা দেশের উন্নয়নে কাজ করছেন কাঁধে কাঁধ মিলিয়ে। নাগরিক হিসেবে একজন মুসলমানের রাষ্ট্রের প্রতি যে অধিকার আপনার সমান অধিকার। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আপনাদের অংশগ্রহণ রয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার কথায় এবং কাজে এ কথা বিশ্বাস করে। আর তাই অসাম্প্রদায়িক চেতনা দিয়েই আমরা গড়ে তুলতে চাই এ দেশের সমৃদ্ধির সোপান। মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে একটি অশুভ চক্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠী এ দেশের হাজার বছরের ঐতিহ্যে আঘাত হানার অপচেষ্টা করে। আপনাদের আশ্বস্ত করতে চাই শেখ হাসিনা যতদিন আছেন আপনাদের কোনো ভয় নেই।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বিভেদের কৃত্রিম প্রাচীর গড়তে যারা অপচেষ্টা করে তারা সফল হবে না কোনোদিন। এ দেশ সৌহার্দ্যরে দেশ, এ দেশে প্রতিবেশীর মাঝে সহযোগিতার যে সম্পর্ক তা সামাজিক বন্ধন থেকে উৎসারিত। আমাদের এগিয়ে যাওয়ার মূলমন্ত্র হচ্ছে সামাজিক সখ্য এবং ঐক্য। আমরা এই একতা ধরে রেখেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে চাই। গড়ে তুলতে চাই দেশরতœ শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ।

তিনি বলেন, প্রতি বছর দেশে শারদীয় দুর্গোৎসবসহ অন্যান্য ধর্মের অনুসারীদের সব উৎসব যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। গত বছর সারা দেশে ৩২ হাজার ৩২৮টি মণ্ডপে পূজা উদযাপন হয়েছিল, প্রতি বছর এ সংখ্যা বাড়ছে। শেখ হাসিনা সরকার ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের মাধ্যমে পূজা উদযাপনে সহযোগিতা করে আসছে।

সেতুমন্ত্রী বলেন, ২০০১ সালে সরকার পরিবর্তনের পর এ দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কী নির্যাতন নেমে এসেছিল তা আপনাদের নিশ্চয়ই মনে আছে। যে নির্যাতন একাত্তরে পাক-হানাদারদের নির্যাতনকেই মনে করিয়ে দেয়। শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগই তখন পাশে দাঁড়িয়েছিল। সুযোগ পেলেই সাম্প্রদায়িক অপশক্তি আঘাত হানে নানা কৌশলে। তাদের অপচেষ্টা এখনো চলছে, তারা এখনো সক্রিয়। বিষদাঁত ভেঙে দেওয়া হয়েছে বলে আত্মতুষ্টির সুযোগ নেই। তাই আমাদের সতর্ক থাকতে হবে। থাকতে হবে সচেতন।

তিনি বলেন, আগস্ট মানেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ। ১৫ আগস্ট আর ২১ আগস্ট অভিন্ন ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এর কুশীলবরাও অভিন্ন। ১৫ আগস্ট প্রাইম টার্গেট ছিল আমাদের জাতির পিতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর একুশে আগস্টের প্রাইম টার্গেট ছিল আমাদের আস্থার বাতিঘর উন্নয়নের স্থপতি দেশরতœ শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন, মানবিকতা ও সম্প্রীতির শত্রু সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষকে উপড়ে ফেলতে আসুন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত