বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐতিহ্যগতভাবে ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে দৃঢ়ভাবে বিশ্বাসী। জন্মাষ্টমী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে এ কথা বলেন তিনি।
গণমাধ্যমে পাঠানো এ বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসব উদযাপন করা হয় নানাভাবে। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে, ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন সত্য ও সুন্দরের প্রতিষ্ঠার জন্য। তিনি হিংস্রতা ও স্বৈরাচারকে পরাজিত করে সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সব ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসবের মূলবাণী মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও শুভেচ্ছার পরিসর বিস্তৃত করা। সকল কালে সকল যুগে বিভিন্ন ধর্মের প্রবক্তাগণ মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে চালিত হওয়ার উপদেশ দিয়েছেন। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে দৃঢ়ভাবে বিশ্বাসী। আমি জন্মাষ্টমীর এ শুভক্ষণে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।’
