আজ থেকে করোনা বুলেটিন প্রচার বন্ধ

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৬:৪০ এএম

দেশে করোনাভাইরাস সম্পর্কিত প্রতিদিনকার বুলেটিন প্রচার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার থেকে আর এই বুলেটিন সরাসরি সম্প্রচার করা হবে না বলে জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। গতকাল মঙ্গলবার শেষবারের মতো বুলেটিন প্রচারে এসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘বুধবার থেকে এই অনলাইন ব্রিফিংটি আর হবে না। তবে যথারীতি প্রেস রিলিজ যেটা দেওয়া হয়, সেটা সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। সব তথ্যই আপনারা জানতে পারবেন। তথ্যপ্রবাহে কোনো অসুবিধা হবে না। তথ্য নিয়মিতভাবেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হবে। শুধু অনলাইন ব্রিফিংটা বন্ধ থাকবে।’

এর আগে গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম দেশ রূপান্তরকে বলেন, এখন থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা সম্পর্কিত সব তথ্য জানিয়ে দেওয়া হবে। কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে অধ্যাপক ডা. নাসিমা সুলতানাসহ আরও একজন অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে কথা বলে নিতে পারবেন। তবে স্বাস্থ্য বুলেটিন একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে না। ভবিষ্যতে প্রয়োজনে আবারও প্রচারিত হবে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর শুরুতে সাংবাদিকদের উপস্থিতিতে নিয়মিত প্রেস ব্রিফিং করা হতো। তখন সাংবাদিকদের প্রশ্ন করারও সুযোগ ছিল। একপর্যায়ে সেই ব্রিফিং অনলাইনে গেলেও সাংবাদিকদের প্রশ্নের সুযোগ ছিল। কিন্তু গত ৮ এপ্রিল থেকে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ বন্ধ করে দেওয়া হয় এবং প্রেস ব্রিফিংয়ের নাম বদলে ‘বুলেটিন’ আকারে তথ্য প্রচার চালু রাখা হয়। এবার তাও বন্ধ হলো। শুরুতে এই ব্রিফিংয়ে আসতেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, মাঝেমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদও আসতেন। তবে বুলেটিন চালুর পর অধিকাংশ দিনই সর্বশেষ তথ্য নিয়ে হাজির হয়েছেন ডা. নাসিমা সুলতানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত