সিনহা হত্যা মামলা

পুলিশের করা মামলার ৩ সাক্ষী গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৬:৪৫ এএম

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা সবাই সিনহা হত্যার পর পুলিশের করা মামলার সাক্ষী। গতকাল মঙ্গলবার দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকা থেকে র‌্যাব-১৫-এর একটি দল ওই তিনজনকে আটক করে।

গ্রেপ্তাররা হলেন মো. আয়াছ, নুরুল আমিন ও নাজিমউদ্দিন। তাদের গতকাল বিকেল ৪টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে র‌্যাব।

কক্সবাজার র‌্যাব-১৫-এর উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় তাদের (পুলিশের মামলার তিন সাক্ষী) আটক করা হয়েছে। আটক তিনজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দুই বছর আগে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া সিনহা রাশেদ ‘লেটস গো’ নামে একটি ভ্রমণবিষয়ক তথ্যচিত্র বানানোর জন্য গত প্রায় এক মাস ধরে কক্সবাজারের হিমছড়ি এলাকায় ছিলেন। ওই কাজে তার সঙ্গে যুক্ত ছিলেন ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের দুই শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ। গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ। ওই সময় তার গাড়িতে সিফাত ছিলেন। সিনহা নিহতের ঘটনায় এবং গাড়ি থেকে মাদক উদ্ধারের অভিযোগে টেকনাফ থানায় দুটি মামলা করে পুলিশ, যাতে সিনহা এবং তার সঙ্গে থাকা সিফাতকে আসামি করা হয়। আর তারা যেখানে থেকে কাজ করছিলেন, সেই নীলিমা রিসোর্ট থেকে শিপ্রাকে গ্রেপ্তার করার সময় মাদক পাওয়া যায় অভিযোগ করে তার বিরুদ্ধে রামু থানায় আরেকটি মামলা করা হয়। পুলিশের করা এ তিন মামলার পর গত ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্তকেন্দ্রের পরিদর্শক লিয়াকতসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় আত্মসমর্পণ করে এখন কারাগারে আছেন ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য। আদালতের নির্দেশে চারটি মামলায়ই এখন তদন্ত করছে র‌্যাব। পুলিশের তিন মামলায় গ্রেপ্তার সিফাত ও শিপ্রা জামিনে ইতিমধ্যে কারামুক্ত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত