বিনোদন জগতে খুবই পরিচিতি নাম টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স। স্পটলাইটের মাঝে জেগে থাকা লোগো দিয়েও প্রতিষ্ঠানটিকে চেনে অনেকে। তবে আনুষ্ঠানিকভাবে নাম ও লোগো দুই-ই সাবেকের খাতায় নাম লেখাতে যাচ্ছে।
টুয়েন্টিথ ফক্স সেঞ্চুরি ব্র্যান্ডের বয়স ৮৫ বছর। সম্প্রতি রূপার্ট মার্ডকের হাত থেকে এই ব্র্যান্ডের সম্পত্তি হস্তান্তর হয়েছে।
সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, নতুনভাবে টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স থেকে কেনা সম্পত্তি রিব্র্যান্ড করতে যাচ্ছে ডিজনি (ডিআইএস)। এখন থেকে টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স টেলিভিশন শুধু ‘টুয়েন্টিথ টেলিভিশন’ নামে পরিচিত হবে। বাদ পড়বে টিভি স্টুডিওর পুরোনো নামে থাকা সেঞ্চুরি ও ফক্স। সামনের জানুয়ারিতে ফক্সের নাম বাদ পড়বে।
৭১০০ কোটি ডলারের বিনিময়ে গত বছর টুয়েন্টিথ ফক্স সেঞ্চুরির সম্পত্তি কিনে নেয় ডিজনি।
জানা গেছে, নতুন লোগো ও টাইটেল কার্ড শরতকালীন টেলিভিশন শো-এর নতুন সিজনে দেখা যাবে। তবে রিব্র্যান্ড হওয়ার আগে থেকে চলমান সিরিজগুলোতে বদল হবে না।
ভোক্তাদের সংশয় নিরসনে এ পদক্ষেপ নিয়েছে ডিজনি। কারণ ফক্স এন্টারটেইনমেন্ট, ফক্স স্পোর্টস ও ফক্স নিউজ এখনো পুরোনো ফক্স করপোরেশনের অংশ। এর সঙ্গে ডিজনির কোনো সম্পর্ক নেই।
ডিজনি অন্যান্য টিভি স্টুডিওয়ের নাম ও গ্র্যাফিকস রিব্র্যান্ড করবে। এ বিষয়ে এক বিবৃতিতে ডিজনি টেলিভিশন স্টুডিওসের প্রেসিডেন্ট ক্রেইগ হুনেগস জানান, নতুন স্টুডিও নাম ও লোগো ওয়াল্ট ডিজনি কোম্পানির সৃজনশীলতাকে ধারণ করবে।
টুয়েন্টিথ সেঞ্চুরি পিকচার্স ও ফক্স ফিল্মস একীভূত হয়ে ১৯৩৫ সালে টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স তৈরি হয়। এই স্টুডিও থেকে নির্মিত হয়েছে হলিউডের ইতিহাসে অংশ হয়ে থাকা কিছু সিনেমা। যেমন; স্টার ওয়ার্স, দ্য সাউন্ড অব মিউজিক, ডাই হার্ড ও হোম অ্যালোন। স্টুডিওর লোগো ও আবহসংগীতকে এ সব মুভির সঙ্গে এক করেই দেখা হয়। এ ছাড়া টিভির জন্য নির্মিত হয়েছে দ্য সিম্পসন্স ও মর্ডান ফ্যামিলির মতো শো।
