রৌমারীতে বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী নিহত

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৯:২৬ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর ইটালুকান্দা সীমান্তে বিএসএফ’র গুলিতে আখিরুল ইসলাম (২২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে।  আইনি জটিলতায় পড়তে পারে এ আশঙ্কায় তার মৃত্যু নিয়ে এলাকায় লুকোচুরি চলছে। পুলিশ নিহত পাচারকারীর কবর খুঁজে পেয়েছে।

এলাকাবাসী ও সীমান্তর সূত্রগুলো জানায়, মঙ্গলবার ভোররাতে ভারত থেকে গরু পারাপারের সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে হাসপাতালে নিয়ে আসার সময় পথে তার মৃত্যু হয় । আখিরুল ইসলাম চর ইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে চর ইটালুকান্দা সীমান্তর ১০৫২ থেকে ১০৫৩ আন্তর্জাতিক পেইন পিলারের কাছ দিয়ে গরু পারাপার শুরু করেন একদল চোরাকারবারি। এ সময় বিএসএফ পাচারকারীদের উপস্থিতি বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

চোরাকারবারিরা পালিয়ে আসার সময় আখিরুল নামের এক পাচারকারী পাঁজরে গুলিবিদ্ধ হয়, এবং সেখানেই সে লুটিয়ে পড়ে। পরে সঙ্গীরা তাকে তুলে নিয়ে আসেন।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি’র ব্যাটালিয়ন কমান্ডার এসএম আজাদ বলেন, বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী মারা যাওয়ার সংবাদটি আমরা শুনেছি। তবে এটা নিশ্চিত নই। আমরা চেষ্টা করছি বিষয়টি নিশ্চিত হতে।

এ ব্যাপারে রৌমারী থানা অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম বলেন, আমরা একটা খবর খুঁজে পেয়েছি, যেটা সদ্য কবরস্ত করা হয়েছে। এলাকাবাসীও নিশ্চিত করছে। কিন্তু মরদেহ কবর থেকে উত্তোলন ও ময়নাতদন্ত না করা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমরা বৃহস্পতিবার আদালতে মরদেহ উত্তোলন ও ময়না তদন্তর জন্য আবেদন জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত