বাংলাদেশে নবনিযুক্ত সুইজারল্যান্ডের (সুইস) রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড (ঘধঃযধষরব ঈযঁধৎফ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে পরিচিত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তিনি তার পরিচয়পত্র পেশ করেন। এদিন সুইস দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত নাথালি বলেন, ৪৮ বছর ধরে দুই দেশ বহু ক্ষেত্রে চমৎকার সম্পর্ক ধরে রেখেছে। অনেক কঠিন সময়েও একে অপরের পাশে দাঁড়িয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও প্রসারিত করার নিমিত্তে তিনি এ দেশে কাজ করে যাবেন।
বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে নাথালি চুয়ার্ড সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকাবিষয়ক মানবিক সহায়তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সালে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সুইস মিশনে রাজনৈতিক সমন্বয়কের পদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়, সুরক্ষা ও সহায়তা প্রদানে সুইজারল্যান্ড বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে অংশীদারত্ব ও সংহতির ভিত্তিতে কাজ করে যাবে। গণতান্ত্রিক শাসন, মানবাধিকারসহ অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও গঠনমূলকভাবে সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত।
