সিলেটে নব্য জেএমবির ৫ সদস্য গ্রেপ্তার

শাপলাবাগে বসে দেশব্যাপী জঙ্গি হামলার ছক

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৭:১৩ এএম

সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

সিলেট থেকে গ্রেপ্তাররা হলো শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান (২৬), সানাউল ইসলাম সাদি (২৮), রুবেল আহমেদ (২৮), আব্দুর রহিম জুয়েল (৩০) ও সায়েম মির্জা (২৪)। গত মঙ্গলবার অপারেশন এলিগ্যান্ট বাইট নামের ওই অভিযানে সিলেটের মিরাবাজার, টুকের বাজার ও দক্ষিণ সুরমার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম, ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নব্য জেএমবির গ্রেপ্তার ওই পাঁচ সদস্যকে সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। গতকাল শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসীম এই আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল নজরুল আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আটকরা নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। নব্য জেএমবির শুরা সদস্য শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামানের নেতৃত্বে তারা সিলেটের শাপলাবাগের একটি বাসায় কম্পিউটার প্রশিক্ষণের আড়ালে সামরিক প্রশিক্ষণ নিচ্ছিল। নাইমুজ্জামানের সব নির্দেশনা বাস্তবায়ন করত সানাউল সাদি। বাকিরা সবাই নির্দেশনা পালন করত। সেখান থেকেই দেশব্যাপী হামলার ছক করা হয়।

ঈদের আগে কেন হামলার পরিকল্পনা করা হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস প্রচার করে, জিলহজ মাসের ১০ তারিখের মধ্যে হামলা করলে কথিত পুণ্যের অধিকারী হবে। এতে আইএস মতাদর্শী বিভিন্ন দেশের উগ্রবাদী গোষ্ঠী চেষ্টা চালায়। বাংলাদেশে আইএস মতাদর্শী নব্য জেএমবি ও আনসার আল ইসলাম উভয়েই চেষ্টা চালিয়েছে। আনসার আল ইসলাম ব্যর্থ হলেও সফল হয়েছে নব্য জেএমবি। তবে অন্যদের প্রচেষ্টা আইনশৃঙ্খলার সতর্কতার কারণে ব্যর্থ হয়েছে।’

সিটিটিসির প্রধান আরও বলেন, আটকদের মধ্যে শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান বারিস্তা নামে একটি কফি শপে কফি মেকার হিসেবে কাজ করে। সে ২০১৯ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সম্পন্ন করে। ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় সদস্য ছিল। সামরিক শাখার প্রধান প্রশিক্ষক ও সামরিক প্রশিক্ষণের উদ্দেশ্যে সিলেটের শাপলাবাগের বাসাটি ভাড়া নেয় সে। সানাউল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের ছাত্র। রুবেল আহমেদ ২০১৬ সালে উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের অধীন সিলেট শাখা থেকে এইচএসসি পরীক্ষা দেয়। সে সিলেটে টুকেরবাজারে সার, বীজ ও কীটনাশকের ব্যবসা করে। আব্দুর রহিম জুয়েল রেন্ট-এ-কারের ড্রাইভার হিসেবে কাজ করত। তার গাড়ি ব্যবহার করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল তারা। সায়েম মির্জা সিলেটের মদন মোহন কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। ইতিমধ্যে তারা ঘটনাগুলোর দায় স্বীকার করেছে। এই দলের আরও কয়েকজন সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

২০০৫ সালের ১৭ আগস্ট হামলার বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ওই হামলাটি জেএমবির দিক থেকে ছিল সাংগঠনিক ও সফল। তবে বর্তমানে সাংগঠনিক কাঠামো তাদের নেই। পুরনো জেএমবির নেতা সালাউদ্দিন সালেহীন ভারতে লুকিয়ে থাকতে পারে বলে অন্য এক প্রশ্নের জবাবে জানান তিনি।

ঈদুল আজহা ঘিরে জঙ্গিগোষ্ঠী আইএসের কথিত ‘বেঙ্গল উলায়াত’ ঘোষণার পরিপ্রেক্ষিতে পুলিশ দেশে জঙ্গি হামলার আশঙ্কা করেছিল। তখন সম্ভাব্য হামলা প্রতিরোধে ১২ দফা নির্দেশনা বাস্তবায়নের সুপারিশ করেছিল পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত