করোনাভাইরাস মহামারীতে বিদেশিদের চীনে প্রবেশের যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা শিথিল করেছে দেশটি। এর ফলে ইউরোপে ৩৬টি দেশের নাগরিক এখন চীনে যাওয়ার আবেদন করতে পারবেন। গত মার্চে চীন বিশ্বের প্রায় সব দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। এমনকি যাদের বৈধ রেসিডেন্ট বা বিজনেস ভিসা আছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে থেকেই চীন আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে দিয়েছিল। এখন কিছু ফ্লাইট আবার চালু করছে বলে জানিয়েছে বিবিসি।
বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনাভাইরাসের উৎপত্তি চীনের উহানে হলেও দেশটি প্রায় নিয়ন্ত্রণে এনেছে এর প্রকোপ। এই মহামারীতে দেশটিতে মাত্র ৪ হাজার ৬৩৪ জন মারা গেলেও বিশ্বজুড়ে সেই সংখ্যা ৭ লাখ ৪৬ হাজার ছাড়িয়ে গেছে।
