মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছি

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৭:৫৬ এএম

টানা তিন সপ্তাহ করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। করোনাজয়ের অভিজ্ঞতা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ

মৃত্যুর সঙ্গে লড়াই...

আঠারো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছি। মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছি। প্রায় সময় মনে হয়েছে, এটাই বুঝি আমার শেষ নিঃশ্বাস। করোনায় অনেকে অল্প কষ্ট সহ্য করেছে। কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি। কারণ করোনায় আক্রান্ত হওয়ার পর আমার নিউমোনিয়াও ধরা পড়ে। তাই মারাত্মক শ্বাসকষ্টের সমস্যায় ভুগেছিলাম। সে সময় প্রায় মনেই হয়েছে এই বুঝি পৃথিবীকে বিদায় জানাতে হবে।

চিকিৎসা...

টানা তিন সপ্তাহ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। গতকাল বাসায় ফিরেছি। সুস্থ হওয়ার জন্য আমাকে প্লাজমা থেরাপি পর্যন্ত নিতে হয়েছে। তাও একবার নয়, দুই দফায় প্লাজমা থেরাপি দেওয়া হয় আমাকে। ওষুধের পাশাপাশি সারা দিন গরম পানি পান করছি। মেনথল দিয়ে গরম পানির ভাপ নিচ্ছি, এটা খুব উপকারী। নানা ধরনের মসলা দিয়ে চা পান করছি ঘণ্টায় ঘণ্টায়। খাওয়ার কোনো স্বাদ না পেলেও কখনো পেট খালি রাখছি না। লিকুইড খাবার খেয়ে হলেও পেট ভরে রাখছি। করোনায় আক্রান্ত হলে শারীরিক কষ্টের পাশাপাশি কী পরিমাণ যে মানসিক যন্ত্রণায় থাকতে হয় তা ভাষায় প্রকাশ করতে পারব না। দোয়া করি এ ভাইরাস থেকে যেন আল্লাহ সবাইকে হেফাজত করেন।

কৃতজ্ঞতা...

এই দুঃসময়ে অনেকে আমার পাশে থেকেছেন, নিয়মিত খোঁজখবর নিয়েছেন। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। কারণ এই সময়ে কোনো কিছুই ভালো লাগে না। প্রিয় মানুষেরা যখন খোঁজ নেয়, সাহস দেয় তখন কিছুটা শান্তি লাগে।

অজান্তেই...

করোনার প্রথম থেকেই সরকারের নির্দেশনা অনুসরণ করে চলেছি। মানুষকেও সচেতন করেছি। নিজের লেখা ও সুরে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গানও করেছি। শেষতক নিজেই কভিড ১৯-এ আক্রান্ত হলাম। কিন্তু কেন? কীভাবে আমার শরীরে করোনা বাসা বাঁধল আমি নিজেই জানি না।

নতুন উপলব্ধি...

করোনায় আবার উপলব্ধি হলো পৃথিবীর মায়া সবাইকেই ছাড়তে হবে। তাই আগামী দিনগুলোতে সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। জীবনে চাওয়ার চেয়ে পাওয়া বেশি হয়ে গেছে। এজন্য ওপরওয়ালার কাছে কোটি শুকরিয়া। আমি সবসময় ভালো কিছু করতে চাই। জীবনে অসংখ্য বন্ধু জুগিয়েছি। শত্রু বলতে নেই আমার। যারা মানুষের ভালো চায়, আল্লাহ তাকে পথ চলতে সাহায্য করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত