রপ্তানি ভর্তুকির ক্ষেত্রে অডিটের শর্ত শিথিল

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৮:১৪ এএম

নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকি প্রদানের ক্ষেত্রে অডিট ফার্ম বা বহিঃনিরীক্ষক নিয়োগের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো অডিট ফার্মের মেয়াদকাল তিন বছর অতিক্রম করলেও অসম্পূর্ণ অডিট কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কাজ করার সুযোগ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এর আগে চলতি বছরের ২ জুন এক অডিট ফার্ম তিন বছরের বেশি রপ্তানি ভর্তুকির নিরীক্ষার কাজ করাতে পারবে না এমন নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

আজ নতুন নির্দেশনায় বলা হয়, নগদ সহায়তা বা রপ্তানির ভর্তুকির আবেদনপত্র নিরীক্ষার কার্যক্রম পরিচালনার বিষয়ে এ মর্মে স্পষ্ট করা যাচ্ছে যে, কোনো বছরে নতুন বিধিবদ্ধ অডিট ফার্ম নিয়োগের পূর্বপর্যন্ত পূর্ববর্তী নিয়োজিত বিধিবদ্ধ অডিট ফার্ম দ্বারা নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির আবেদনপত্র নিরীক্ষা করানো যাবে। নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির আবেদনপত্র নিরীক্ষায় নিয়োজিত অতিরিক্ত অডিট ফার্মের ক্ষেত্রে সংশ্লিষ্ট অর্থবছর সমাপ্তির পরও পরবর্তী অর্থবছরের জন্য অডিট ফার্ম নিয়োগ সংক্রান্ত সার্কুলার জারির পূর্বপর্যন্ত বিদ্যমান অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা কার্যক্রম বহাল রাখা যাবে।

নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির আবেদনপত্র নিরীক্ষার ক্ষেত্রে অডিটর নিয়োগ সংক্রান্ত অন্যান্য একই সার্কুলার বা সার্কুলার পত্রে বর্ণিত প্রযোজ্য নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত