সংক্রমণ ও মৃত্যুহার কমায় সরাসরি ব্রিফিং বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৯:৪৮ পিএম

করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুহার কমে আসায় করোনা বুলেটিন প্রচার বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুহার কমে এসেছে। তাই সরাসরি ব্রিফিং না করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী মাসেই বেশ কয়েকটি সরকারি হাসপাতাল করোনার জন্য চিহ্নিত করে বাকী হাসপাতাল অন্যান্য রোগের চিকিৎসার (নন-কভিড) জন্য নির্ধারণ করা হবে।

এর আগে সভায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২২ সালের মধ্যেই দেশের ৮ বিভাগে ৮টি ১৫তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। এ হাসপাতালে ক্যান্সার রোগের পাশাপাশি কিডনি ও হার্টের চিকিৎসারও ব্যবস্থা থাকবে। ক্যান্সার, কিডনি ও হার্টের চিকিৎসার জন্য প্রতিটি বিভাগে অন্তত ৩০০ করে শয্যা রাখা হবে।

তিনি বলেন, ‘হাসপাতালের শয্যাগুলোতে আধুনিকায়ন করার পাশাপাশি ওয়েটিং রুম, চিকিৎসকদের বিশ্রামাগার, অ্যাটেন্ডেন্টসদের জন্য আধুনিক ও উন্নত ব্যবস্থা রাখা হবে। হাসপাতালগুলো নির্মাণের পর দেশের মানুষকে চিকিৎসার জন্য আর বিদেশমুখী হতে হবে না।’

প্রসঙ্গত বুধবার থেকে করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন প্রচার বন্ধ রয়েছে। আগের দিন মঙ্গলবার শেষবারের মতো বুলেটিনে এসে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ‘অনলাইন ব্রিফিংটি আর হবে না। তবে যথারীতি প্রেস রিলিজ যেটা দেওয়া হয়, সেটা সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। সব তথ্যই আপনারা জানতে পারবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত