নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চান জেমি

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০১:৩১ এএম

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই ফের স্থগিত হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশ কোচ জেমি ডে। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নেওয়া সিদ্ধান্তকে সঠিকই মানছেন তিনি। সেই সঙ্গে বলেছেন, দল নিয়ে নতুন পরিকল্পনায় এগিয়ে যাওয়ার কথা।

করোনাভাইরাসের কারণে গত মার্চে স্থগিত হয়ে যায় বিশ্বকাপ বাছাইয়ের খেলা। এশিয়া অঞ্চলের খেলাগুলো অক্টোবরে মাঠে গড়ানোর কথা ছিল। বাংলাদেশের বাকি ৪ ম্যাচের সূচি চূড়ান্ত ছিল। গাজীপুরের সারাহ রিসোর্টে আয়োজিত ক্যাম্পেও যোগ দিয়েছিলেন খেলোয়াড়রা।

কিন্তু করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এএফসি ফের এশিয়া অঞ্চলের বাছাই স্থগিতের সিদ্ধান্ত নেয়। ম্যাচগুলো ২০২১ সালে আয়োজনের কথা জানিয়েছে এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা।

জামাল ভূঁইয়াদের ইংলিশ কোচ এই মুহূর্তে রয়েছেন ইংল্যান্ডে। সপ্তাহ খানিকের মধ্যেই তার ঢাকায় ফেরার কথা ছিল। খেলা বাতিল নিয়ে তিনি ইংল্যান্ড থেকে বললেন, ‘খেলাগুলো বাতিল করা হয়েছে। স্বভাবতই এই সিদ্ধান্তে কিছুটা হতাশ হয়েছি। তবে আমি মনে করি এটি সঠিক সিদ্ধান্ত। খেলোয়াড়দের স্বাস্থ্য এবং সুরক্ষা সবার আগে আসে।’

নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘এখন আমাদের নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। আসন্ন ২০২১ সালে আমাদের কিছু ভালো খেলা থাকবে। ঐ খেলাগুলোতে জয় পেতে পারি এই লক্ষ্য নিয়ে প্রস্তুত হতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত