পর্বতারোহী রত্নার মৃত্যু

৭ দিনেও হদিস মেলেনি সেই মাইক্রোবাসের

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৬:০৬ এএম

রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানসংলগ্ন লেক রোডে গত ৭ আগস্ট সাইক্লিংয়ের সময় যে মাইক্রোবাসের চাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্নার মৃত্যু হয়, সেই গাড়িটির সন্ধান সাত দিনেও পায়নি পুলিশ। মাইক্রোর নম্বর, মালিকের নাম কিংবা চালক কিছুই স্পষ্ট নয় পুলিশের কাছে।

শেরেবাংলা থানার ওসি জানে আলম মুন্সী বলেন, ‘আমরা বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে একটি গাড়িকে শনাক্ত করেছি। তবে কোনো ক্যামেরাতেই গাড়িটির প্লেটের নম্বরটি স্পষ্টভাবে দেখা যায়নি। আমরা গাড়িটির নম্বর শনাক্তের জন্য বিআরটিএতে পাঠিয়েছি। পাশাপাশি সিআইডির ফরেনসিক টিমকেও দেওয়া হয়েছে। গাড়ি কিংবা চালক কাউকেই শনাক্ত করতে পারিনি। চেষ্টা চলছে। আশা করি অল্প সময়ে গাড়িটি পাকড়াও করতে পারব।’

ডিএমপির এক কর্মকর্তা বলেন, রত্নাকে চাপা দিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাইক্রোবাসটি। দুর্ঘটনাস্থলের আশপাশে ছিল না কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা। এখন এ ঘটনার তদন্ত চলছে প্রত্যক্ষদর্শী ও আশপাশের এলাকার ফুটেজ ধরে। কালো মাইক্রোবাসটি টয়োটা হাইএস ব্র্যান্ডের। পুরো গাড়িটি কালো হলেও এর বাম দিকের দরজাটি সাদা রঙের। নম্বর প্লেটটি স্পষ্টভাবে না দেখা যাওয়ায় আপাতত এতটুকু তথ্য নিয়েই এগোতে হচ্ছে পুলিশকে।

শেরেবাংলা থানার এসআই মোবারক হোসেন জানান, পুলিশের একাধিক টিম গাড়িটি উদ্ধারে কাজ করছে। ঢাকার ছয়টি পয়েন্টে খোঁজ নেওয়া হয়েছে। তবে গাড়িটি পাওয়া যায়নি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আবদুল্লাহপুর, গাবতলী ও যাত্রাবাড়ীসহ ঢাকা থেকে বের হওয়ার প্রতিটি পথে জানানো হয়েছে গাড়িটি সম্পর্কে। সেসব সড়কের সিটিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে গাড়িটি এখনো ঢাকায় আছে।

মামলার বাদী রত্নার ভগ্নিপতি মনিরুজ্জামান মনির সাংবাদিকদের বলেন, পুলিশের সঙ্গে যতবারই কথা বলি, তারা আশ্বাস দেন চেষ্টা করছেন। তবে সাত দিনেও তারা ঘটনাস্থলের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার করতে পারেনি এটা দুঃখজনক।

রত্না পেশায় একজন শিক্ষক ছিলেন। ধানমন্ডির আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ইডেন কলেজে লেখাপড়া করা রত্না ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে পর্বতারোহণের প্রশিক্ষণ নেন। কেনিয়া পর্বতের লেনানা চূড়া জয়ের পর ২০১৯ সালের আগস্টে ভারতের লাদাখে ৬ হাজার ১৫৩ মিটার উচ্চতার স্টক কাঙরি পর্বতচূড়া এবং এক সপ্তাহের মধ্যে ৬ হাজার ২৫০ মিটার উচ্চতার কাং ইয়াতসে-২ পর্বতচূড়ায় সামিট করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত