বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের বিচার দাবি বিএনপির

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৬:১১ এএম

আওয়ামী লীগ সরকারের আমলে গত এক দশকে তিন হাজার মানুষের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পরিসংখ্যান তুলে ধরে সব ঘটনার বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরার বাসা থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘২০০৯ সালের জানুয়ারি মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই সরকারের অধীনে এ দেশে প্রায় তিন হাজার মানুষ পুলিশ, র‌্যাব, ডিবির হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাদের অধিকাংশই বিরোধী দলের নেতাকর্মী। গত ১০ বছর সময়ের মধ্যে এ দেশের জেলহাজতে মারা গেছে ৭৯৫ মানুষ, গুম হয়েছে ৬০১ জন, ধর্ষণের শিকার হয়েছে ৭ হাজার ৮০৬ নারী, ১ হাজার ৯৩৪ শিশু নির্যাতিত হয়েছে, ১৮ জন শিশু হত্যার শিকার হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের নামে এক লাখের ওপর রাজনৈতিক মামলা হয়েছে এবং সেখানে আসামি করা হয়েছে প্রায় ৩৫ লাখের ওপরে মানুষকে। এ চিত্র বলে দেয়, লাখো শহীদের রক্তের বিনিময়ে, লাখো মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতার স্বদেশ প্রিয় জন্মভূমি আজ মৃত্যু উপত্যকা, জল্লাদের রঙ্গমঞ্চ। আমরা অবশ্যই সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চাই।’

গণমাধ্যমে প্রকাশিত আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘২০২০ সালে জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত ১৯৬ জন বিচারবহির্ভূত হত্যা অথবা কাস্টোডিয়াল ডেথের শিকার হয়েছে। ২০১৯ সালে হয়েছে ৩৮৮ জন, ২০১৮ সালে ৪৬৬, ২০১৭ সালে ১৬২, ২০১৬ সালে হয়েছে ১৯৫ জন।’

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সিনহার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, সিনহাকে পুলিশ হত্যা করেছে। মামলাও করা হয়েছে। আমরা সিনহাসহ বিনা বিচারে যত হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার অবশ্যই চাই। ভবিষ্যতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সেই বিচার হবে বলে আমরা আস্থা রাখি, বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘সিনহা হত্যাকাণ্ডের পর আইএসপিআর থেকে জানানো হয়েছে যে, পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করা হবে না। যদি তাই হয়, তাহলে আমরা বলতে চাই, ক্রসফায়ারে হত্যাকাণ্ড ঘটানো বা না ঘটানো পুলিশ বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে ঠাণ্ডা মাথার সুপরিকল্পিত সিদ্ধান্ত। এতদিন বিএনপির পক্ষ থেকে সেটাই বলে আসা হয়েছে।’

বিনা বিচারে হত্যা মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিনা বিচারে মানুষ খুন-গুম কখনো মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। আমাদের সংবিধান এটাকে সমর্থন করে না।’

তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা দলের নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে করোনার কোনো চিকিৎসা নেই। তাকে দিনাজপুর হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেও কোনো চিকিৎসা দিতে পারেনি। আজকে (গতকাল) তাকে ভোরে নিয়ে আসা হয়েছে ঢাকায় স্কয়ার হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে। মানুষ কোথাও কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না। করোনা হাসপাতালের বেড খালি পড়ে আছে অথচ মানুষ নিজের বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত