বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আলজেরিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক, পাট ও চামড়াজাত পণ্য, তামাক এবং ফার্নিচারের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশ এগুলো আলজেরিয়ায় রপ্তানি বাড়াতে চায়। দুই দেশের ব্যবসায়ীদের সফরবিনিময়ের মাধ্যমে রপ্তানি বাড়ানো সম্ভব। কভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলে সরাসরি আলোচনার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বাণিজ্যমন্ত্রী গতকাল ঢাকায় সরকারি বাসভবনের অফিস কক্ষে আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবির সঙ্গে জুম প্ল্যাটফর্ম বৈঠকে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে ১৯৭৩ সালে দুই এফটিএ অথবা পিটিএ স্বাক্ষর হয়। বিশেষ প্রয়োজনে এ চুক্তি সংশোধন করা হবে। দুই দেশের বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ।
রাবাহ লারবি বলেন, আলজেরিয়াও বাণিজ্য বাড়াতে আগ্রহী। এই মুহূর্তে বাণিজ্যের পরিমাণ খুবই কম। বাণিজ্য বাড়াতে এফটিএ বা পিটিএ করতে প্রস্তুত আলজেরিয়া। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আলজেরিয়ায় বেশ কিছু বাংলাদেশি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। এ বিষয়ে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সবকিছু করতে চায় আলজেরিয়া।
গত অর্থবছর আলজেরিয়ায় রপ্তানি হয়েছে ৫৯ লাখ ডলারের বাংলাদেশি পণ্য। একই সময় আমদানি হয়েছে ৯ কোটি ৭ লাখ ৯০ হাজার ডলারের পণ্য। বৈঠকে অংশ নেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন।
