কামরাঙ্গীরচরে শোকেসের ভাঙা গ্লাসে পড়ে শিশুর ‍মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৮:৫২ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরে বাসায় খেলার সময় শোকেসের ভাঙা গ্লাসে পড়ে আয়ান নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর আলীনগর বাজার এলাকার একটি বাসার ৩য় তলায় থাকে তার পরিবার। তার বাবা সোহাগ সরদার পানির পাম্পের মিস্ত্রির কাজ করেন। আয়ান তাদের একমাত্র সন্তান।

সোহাগের বন্ধু মাসুম জমাদ্দার জানান, রাতে সোহাগ বাজার থেকে তাকে ডেকে ছেলেকে নিয়ে ঢাকা মেডিকেলে যান। সেখানে চিকিৎসক রাত একটার দিকে আয়ানকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাসার ভেতরেই খেলার সময় শোকেসের ভাঙা গ্লাসের উপর পড়ে যায় সে। এতে তার পিঠে ঢুকে যায় গ্লাস। পরে রক্তাক্ত আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত