অবশেষে আইনিভাবে আলাদা কঙ্কনা-রণবীর

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১২:০৩ পিএম

পাঁচ বছর ধরে আলাদা থাকছিলেন বলিউডের দুই তারকা কঙ্কনা সেন শর্মা ও রণবীর শোরে। এবার তাদের আইনিভাবে বিবাহবিচ্ছেদ হলো।

এটি খবর নিশ্চিত করেছেন বাঙালি অভিনেত্রীর আইনজীবী অমরুতা সাথে পাঠক। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, “নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে আইনতভাবে আলাদা হয়েছেন কঙ্কনা-রণবীর।”

২০১০ সালে রণবীর শোরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী ও পরিচালক কঙ্কনা সেন শর্মা। সেই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

২০১৩ সালে থেকে তাদের ব্যক্তিগত জীবনে সমস্যার কথা প্রকাশ্যে আসে। এর পর ২০১৫ সালে আলাদা থাকা শুরু করেন। তারপরও বিয়ে টিকিয়ে রাখতে এই দম্পতি কাউন্সিলিং করান বলে জানা যায়। অবশেষে চলতি বছর ফেব্রুয়ারিতে তারা আইনত বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। সাবেক এই দম্পতির একটি ছেলে রয়েছে, নাম হারু।

কঙ্কনা বিখ্যাত অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেনের মেয়ে। তার বাবা মুকুল শর্মা বিখ্যাত লেখক। কঙ্কনা বলিউডের ট্রাফিক সিগনাল, আজা নাচলে, গৌর হরি দাস্তান- দ্য ফ্রিডম ফাইলের পাশাপাশি বেশকিছু বাংলা ছবিতে অভিনয় করেছেন। নির্মাণ করেছেন ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’ নামের আলোচিত সিনেমা। সামনে দেখা যাবে ডলি কিটি আউর ও চমকতে সিতারে ছবিতে। অন্যদিকে চলতি বছর ইরফান খান, রাধিকা মদনের সঙ্গে ‘আংরেজি মিডিয়াম’, কুণাল খেমুর সঙ্গে ‘লুটকেস’-এ দেখা গিয়েছে রণবীর শোরেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত