খামারে বিষ দিয়ে ১০০ টন মাছ নিধনের অভিযোগ

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৩:৫৫ এএম

সাভারে ‘প্রাণ প্রকৃতি’ নামের একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে অন্তত ১০০ টন মাছ নিধনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে সাভারের জিরাবো এলাকার দেওয়ান ইদ্রিস আলী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকার ওই খামারে গিয়ে মরা মাছের স্তূপ দেখা যায়। খামারি শহিদুল ইসলাম ব্যাপারী বলেন, প্রায় ৪০ বিঘা জায়গায় খামার করে দীর্ঘদিন ধরে মাছের চাষ করে আসছি আমরা। গত বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ খামারের মাছগুলো মরে পানিতে ভেসে উঠতে শুরু করে। এ সময় ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে প্রায় ৩০ টন মাছ অপসারণ করে মাটিতে পুঁতে ফেলা হয়। এখন পর্যন্ত প্রায় ১০০ টন মাছ মরে পানিতে ভেসে ওঠায় আমাদের প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, পুকুরে মাছ মরে ভেসে ওঠার খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আরা নিপা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত