গুঞ্জন স্যাক্সেনায় সফল জাহ্নবী

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৬:৫৫ এএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ‘স্বজনপ্রীতি’ নিয়ে সমালোচনা মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই তারকা সন্তানরা প্রায় একঘরে হয়ে পড়েছেন। তার মধ্যে শ্রীদেবী ও বনি কাপুরকন্যা জাহ্নবী কাপুরের অবস্থান ছিল আরও দুর্বল। প্রথম সিনেমা ‘ধাড়াক’-এ গ্ল্যামার ছাড়া কিছুই দেখাতে পারেননি বলে সবার মন্তব্য। তাই জাহ্নবী অভিনীত ‘গুঞ্জন স্যাক্সেনা : দ্য কার্গিল গার্ল’ ছবিটি বর্জনের হুমকি দিয়েছিল অনেকে। তাকে একঘরে করার হুমকি আসছিল বারবার। তবে সবকিছু কাটিয়ে অভিনয় দিয়ে সবার মন জয় করেছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী। চারদিকে প্রশংসার ঝড় বইছে। পর্দায় প্রকৃতই ‘গুঞ্জন স্যাক্সেনা’ হয়ে উঠেছেন জাহ্নবী কাপুর। গত বুধবার একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জীবনীচিত্র ‘গুঞ্জন স্যাক্সেনা’। আর বৃহস্পতিবার ছিল জাহ্নবীর মা প্রয়াত বলিউড সুপারস্টার শ্রীদেবীর জন্মদিন। দারুণভাবে মায়ের অভাব বোধ করছেন তরুণ এই তারকা। সুখের এই মুহূর্তগুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য সবচেয়ে কাছের ও সবচেয়ে প্রিয় মানুষটি আজ জাহ্নবীর পাশে নেই। মেয়ের প্রথম ছবিটি মা দেখে যেতে পারেননি। ‘ধাড়াক’ মুক্তির কিছুদিন আগে মারা যান শ্রীদেবী। জাহ্নবী জানিয়েছেন, এটিই তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ। তবে শ্রীদেবী কখনই চাননি জাহ্নবী ছবির জগতে আসুক। শ্রীদেবীকন্যা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মা কখনই চাননি যে আমি অভিনয়ের জগতে আসি। কারণ, এখানে প্রতি শুক্রবার ভাগ্য বদলে যায়। মায়ের মতে, আমি এই চাপ নিতে পারব না। কারণ, আমি খুবই নরম মনের মানুষ। তিনি চেয়েছিলেন, আমি যেন এক আরামদায়ক এবং চাপমুক্ত জীবনযাপন করি। তবে মা সিনেমার প্রতি আমার ভালোবাসা আর জেদের কাছে হার  মেনেছিলেন।’ ভারতীয় বিমানবাহিনীর প্রথম নারী বৈমানিক গুঞ্জন স্যাক্সেনার জীবনের ওপর নির্মিত হয়েছে ‘গুঞ্জন স্যাক্সেনা : দ্য কার্গিল গার্ল’ ছবিটি। জাহ্নবী জানান, গুঞ্জন স্যাক্সেনা হয়ে ওঠা মোটেও সহজ ছিল না। অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে তাকে। দীর্ঘদিন প্রশিক্ষণ নিতে হয়েছে। তিনি বলেন, ‘কিছু দৃশ্যের জন্য আমাকে ওজন বাড়াতে হয়েছে, আবার কিছু দৃশ্যের জন্য কমাতে হয়েছে। বিমান চালানোর প্রশিক্ষণ নিয়েছি, যেটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত