করোনার দীর্ঘ বিরতি কাটিয়ে রবিবার থেকে অনুশীলনে যোগ দিতে যাচ্ছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। একই দিন থেকে অনুশীলন শুরু করবেন তারকা পেসার মোস্তাফিজুর রহমানও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে ঈদের আগে থেকেই ব্যক্তিগত অনুশীলন শুরু হয়েছে ক্রিকেটাদের। শুরুতে সংখ্যাটা কম থাকলেও দেশের পাঁচ ভেন্যুতে চলা এই অনুশীলনে ঈদের পর ক্রিকেটারদের সংখ্যা বেড়েছে। নারী ক্রিকেটাররাও অনুশীলন শুরু করেন গত সপ্তাহে।
তবে তামিম ইকবাল পেটের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে ছিলেন কোয়ারেন্টাইনে। সেই পর্ব শেষ করেই মিরপুরে অনুশীলন শুরু করতে যাচ্ছেন তিনি। মোস্তাফিজও একই ভেন্যুতে অনুশীলন করবেন ।
শনিবার বিসিবি অনুশীলন ইচ্ছুক ক্রিকেটারদের ৫ দিনের সূচি নির্ধারণ করে দিয়েছে। নির্দিষ্ট সূচিতে স্বাস্থ্য বিধি মেনে হবে অনুশীলন।
