ধোনির জার্সি তুলে রাখার দাবি ভক্ত-সমর্থকদের

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০১:১৯ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির সম্মানে তার জার্সি নম্বর ৭ তুলে রাখতে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই’র প্রতি আহ্বান জানিয়েছেন ভক্তরা।

ষোলো বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ধোনি ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে জানান- “আপনাদের এত দিনের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭টা ২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ধরে নিন।”

অবসরের আগে ভারতীয় ক্রিকেটকে নিজেরে সবটুকুই দিয়ে গেছেন ৩৯ বছর বয়সী ধোনি। তার নেতৃত্বে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও ঘরে তুলে টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন কুলের নেতৃত্বেও প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে তারা।

এক বিবৃতিতে ধোনির অবসরের খবর নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও।

দেশের ক্রিকেটে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের অবদানের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়েছে- “২০০৪ সালে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রাঁচির এই ছেলেটি তার শান্ত মনোভাব ও অসাধারণ বোঝাপড়া এবং দুর্দান্ত নেতৃত্বগুণ দিয়ে ভারতীয় ক্রিকেট পরিবর্তন করে দিয়েছে।”

ধোনির অবসর ঘোষণার পর পরই তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখাচ্ছে তার অগণিত ভক্তরা। তাদের দাবি, তারকা এই ক্রিকেটারের সম্মানে তার ৭ নম্বর জার্সিটাও যেন তুলে রাখা হয়।

এক ভক্ত টুইটারে লিখেছেন- “বিসিসিআই’র উচিত ৭ নম্বর জার্সি তুলে রাখা।” আরেক ভক্ত লিখেছেন- “রিটায়ার জার্সি নম্বর ৭। কেবল নম্বরের জন্য নয়, এটা একটা আবেগ, যেটা আমাদের দেশ মিস করবে।”

সমর্থকদের এমন দাবিতে সমর্থন জানিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটারও। এদের একজন দিনেশ কার্তিক। এই উইকেটকিপার-ব্যাটসম্যান টুইটারে লিখেছেন- “আমি আশা করি, বিসিসিআই ৭ নম্বর জার্সিটাকেও অবসর দেবে...।”

টিম ইন্ডিয়ার সাবেক ব্যাটসম্যান মোহাম্মাদ কাইফ লিখেছেন- “ভারতে আর কেউ ৭ নম্বর জার্সি পরবে কল্পনা করতে পারি না।”

ফুটবলের মতো ক্রিকেটে তারকা খেলোয়াড়দের সম্মানে তাদের জার্সি তুলে রাখার রেওয়াজ খুব একটা দেখা যায় না। অবশ্য ভারতের আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার অবসর নেওয়ার কয়েক বছর তার ১০ নম্বর জার্সিটি অনানুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন বিসিসিআই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত