বাংলায় ভালো করতে হলে

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০১:০৭ এএম

অনেক শিক্ষার্থী মাতৃভাষা বাংলার প্রতি উদাসীন। বিষয়টি পরীক্ষার আগের রাতে পড়ার জন্য রেখে দেয় তারা। পরে দেখা যায়, বাংলাতেই পেয়েছে সবচেয়ে কম নম্বর। বাংলায় ভালো করার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মনির হোসেন

বাংলা প্রথম পত্র : পাঠ্যবইয়ের প্রতিটি লাইন ভালোভাবে পড়তে হবে। সৃজনশীল ও বহুনির্বাচনীর জন্য পাঠ্যবইয়ের কোনো বিকল্প নেই। সরাসরি পাঠ্যবই থেকেই পরীক্ষার প্রশ্ন করা হয়। তাই সিলেবাসে অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় আয়ত্ত করতে হবে। আগের প্রশ্ন বা মডেল টেস্ট দেখে বুঝে নিতে পারো, কেমন প্রশ্ন আসতে পারে। লেখক পরিচিতি, কবি পরিচিতি ও গদ্য-পদ্যের পাঠ পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। শব্দার্থও ভালো করে পড়তে হবে। বহুনির্বাচনী প্রশ্ন ও জ্ঞানমূলক প্রশ্নে শব্দার্থ থাকবেই। টিকাগুলোও ভালো করে পড়ে নেবে।

বাংলা দ্বিতীয় পত্র : বাংলা ২য় পত্রে দুটি অংশ ব্যাকরণ ও বিরচন। ব্যাকরণ বইটি বুঝে বুঝে অনুশীলন করবে। ধ্বনি পরিবর্তন, সন্ধি, প্রকৃতি-প্রত্যয়, সমাস ও উপসর্গ তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। বানানের নিয়ম থেকেও প্রশ্ন আসতে পারে। বিরচন অংশে ভাব-সম্প্রসারণ, সারাংশ, রিপোর্টিং কিংবা চিঠি-দরখাস্তের প্রাথমিক নিয়মগুলো পড়ে নাও। রচনা লেখার সময় শিরোনাম, উপশিরোনাম ও প্যারা যেন ঠিক থাকে। এক্ষেত্রে তোমার সৃজনশীলতা কাজে লাগাও। রচনা ইত্যাদি মুখস্ত করে লিখে দেওয়ার চেয়ে বানিয়ে লেখার অভ্যাস গড়ো।

অন্যান্য দিক : বাংলা পরীক্ষার উত্তরপত্রে কোনো ধরনের বানান ভুল যেন না হয়। এ জন্য বানানের নিয়মকানুন ভালোভাবে জেনে নাও। আউট বই-পুস্তক কিংবা সংবাদপত্র পাঠের অভ্যাস এ ক্ষেত্রে নিয়ামকের ভূমিকা পালন করবে। তাছাড়া শব্দচয়ন, বাক্যের বুনন ও বিরাম চিহ্নের ব্যবহার যথাযথ না হলে পরীক্ষক নম্বর দিতে কৃপণতা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত