ইন্সটাগ্রাম থেকে মেসেঞ্জার ব্যবহারকারীদের সঙ্গে চ্যাটিংয়ের সুযোগ দেওয়ার আপডেট শুরু করেছে অ্যাপ দুটির মালিকানাধীন কোম্পানি ফেইসবুক। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অনেক আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী তাদের ইন্সটাগ্রাম মোবাইল অ্যাপে নোটিফিকেশন পান। সেখানে লেখা ছিল, ‘ইন্সটাগ্রামে বার্তা পাঠানোর নতুন উপায় এসেছে।’ সেখানে অনেক নতুন ইমোজি দেখা যায়। সঙ্গে লেখা, ‘ফেইসবুক ব্যবহারকারী বন্ধুদের সঙ্গে চ্যাট করুন।’
আপডেটে টাচ করার পর ইন্সটাগ্রামের ওপরের ডান কোনার ডিএম আইকন ফেইসবুক মেসেঞ্জার লোগোতে প্রতিস্থাপন হয়। ভার্জ জানিয়েছে, আপডেট আসা শুরু করলেও ঠিক এই মুহূর্তে ফেইসবুক ব্যবহারকারীরা ইন্সটাগ্রাম থেকে চ্যাটিং করতে পারছেন না। কবে নাগাদ এভাবে চ্যাট করা যাবে, সেটি এখনো স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি। ফেইসবুক তাদের মালিকানাধীন আরেক অ্যাপ হোয়াটসঅ্যাপের সঙ্গেও মেসেঞ্জার মার্জ করার কথা আগে জানিয়ে রেখেছে। গত বছর ফেইসবুক জানায়, যাদের একটি অ্যাপ আছে তারা অন্য অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গেও যাতে কথা বলতে পারেন সেজন্য ফিচার যুক্ত করা হচ্ছে। ১ বিলিয়ন ডলার দিয়ে ২০১২ সালে ইন্সটাগ্রাম অধিগ্রহণ করে ফেইসবুক। দুবছর বাদে ১৯ বিলিয়ন ডলারের বিনিময়ে নিয়ে নেয় হোয়াটসঅ্যাপ।
