বরখাস্ত হলেন হাইকোর্টের সেই বেঞ্চ অফিসার মুর্শেদুল

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০২:১০ এএম

হাইকোর্টের বেঞ্চ অফিসার মুহাম্মদ মুর্শেদুল হাসান সোহেলকে বরখাস্ত করা হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুর্শেদুল হাসানের বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলায় আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন এমপ্লয়িস (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুলস, ১৯৮৩-এর ৪ (১) (জি) বিধিমতে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অভিযোগের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা না হলেও মুর্শেদুলের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ৬ আগস্ট ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

১১ আগস্ট গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মুর্শেদ  হাইকোর্টে বেঞ্চ অফিসারের দায়িত্ব পালন করলেও নিজেকে কখনো ব্যারিস্টার, কখনো বিচারক বলে পরিচয় দিতেন। ৬ আগস্ট এক নারীসহ তাকে রাজধানী মিরপুরের পীরেরবাগ ঝিলপাড়ের তার নিজস্ব ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দুটি বিলাসবহুল গাড়িও জব্দ করে পুলিশ। এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিলেন মুর্শেদ। মাত্র এক দিন কারাগারে থেকে পরদিন জামিনে মুক্তি পান। যাত্রাবাড়ী থানা পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ৬ আগস্ট যাত্রাবাড়ী থানা এলাকা থেকে রানা মন্ডল নামের এক মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রানা জানান, তিনি মিরপুর এলাকার সোহেলের কাছ থেকে ইয়াবা কিনে এনেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে যাত্রাবাড়ী থানা ও মিরপুর থানার পুলিশ ওই দিনই মিরপুরের মধ্য পীরেরবাগের ৩১৫ নম্বর বাড়ির চারতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ ফাতেমা ইসলাম চাঁদনী এবং ৬০০ পিস ইয়াবাসহ মুর্শেদুল হাসান সোহেলকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত