জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টা করছে সরকার : ফখরুল

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০২:২৬ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মিথ্যাচার করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টা করছে। গতকাল রবিবার এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের স্বাধীনতা যিনি ঘোষণা দিলেন, যিনি যুদ্ধ করলেন একই সঙ্গে যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, দেশকে জাগিয়ে তুললেন তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সব কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আসলে আওয়ামী লীগের যে কেমেস্ট্রি, এই কেমেস্ট্রিটা হচ্ছে দলীয়করণের কেমেস্ট্রি। ওখানে নিরপেক্ষতা অথবা দলের বাইরে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে কাজ করা এটা তাদের মধ্যে নেই। আজকে গোটা রাষ্ট্রকে দলীয়করণ করে ফেলেছে তারা। এটা তাদের আদর্শগত, নীতিগত বলব। কারণ ১৯৭৫ সালে তারা একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আমরা তো সেগুলো ভুলে যাইনি। আজকে যদিও সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এত সহজে সত্যকে তো ঢেকে দেওয়া যায় না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এ সময়ে খেলাধুলা বলুন, গান-বাজনা বলুন আর রাজনীতি বলুন কোনোটাই দলীয়করণের বাইরে নয়। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম, সেই চেতনাটি ছিল গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার চেতনা, গণতান্ত্রিক সমাজ নির্মাণ করার চেতনা, সেই চেতনাকে আমরা হারিয়ে ফেলেছি।’

তিনি আরও বলেন, ‘যারা আজকে জোর করে রাষ্ট্র শাসন করছেন, তারা একাত্তরের সেই চেতনাকে বিনষ্ট করে দিয়ে একদলীয় ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করেছে। এখানে খেলাধুলা আলাদা ব্যাপার নয়, ক্রীড়াঙ্গন আলাদা ব্যাপার নয়। পুরো রাষ্ট্রটাই এখন একটা দলের মধ্যে, চিন্তার মধ্যে চলে গেল।’

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিথযশা কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের স্বামী হাকিম সাহেব ভালো বাঁশি বাজান। তারা দুজনই খুব দুঃখ করে আমাকে বলেছেন, সরকারি কোনো অনুষ্ঠানে অথবা সরকারের স্পন্সর যেসব টেলিভিশন চ্যানেলগুলো আছে তাদের সেখানে এখন আর ডাকা হয় না কী নিদারুণ অবস্থা চিন্তা করেন। ঠিক একইভাবে যারা মুক্তিযুদ্ধ করেছেন অথচ আওয়ামী লীগ সমর্থক ছিলেন না, তারা মারা যাওয়ার পর তাদের মরদেহ শহীদ মিনারে পর্যন্ত নিতে দেওয়া হয় না এখন। এ অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম জোরদার করতে হবে।’

ক্রিকেটসহ বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদানের কথা স্মরণ করে ‘আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন গড়ে তোলার প্রস্তাব করেন মির্জা ফখরুল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল স্মরণসভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম। বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হকের পরিচালনায় সভায় বক্তব্য দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, ক্রিকেট বোর্ডের সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, ক্রীড়া সংগঠক তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত