বই ও যন্ত্রপাতি কেনায় অর্থ আত্মসাৎ

হবিগঞ্জ মেডিকেলের অধ্যক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০২:৩২ এএম

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের বইপত্র ও সরঞ্জাম কেনাকাটায় সরকারের ৩ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় মেডিকেল কলেজটির অধ্যক্ষ ডা. আবু সুফিয়ান, ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ঝর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলী ও পুনম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এস এম নজরুল ইসলাম নূতনকে আসামি করা হয়েছে। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান ও মো. ফেরদৌস রহমান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা দুটি করেন।

একটি মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে  অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে। তারা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চমূল্যে বই ক্রয় দেখিয়ে সরকারের ১ কোটি ২৯ লাখ ৩৩ হাজার ১২১ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাৎ করে।

অপর এজাহারে বলা হয়, অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান ও পুনম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এস এম নজরুল ইসলাম নূতন অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেন। তারা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চমূল্য দেখিয়ে যন্ত্রপাতি ক্রয় করে সরকারের ২ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাৎ করেছেন। মামলা দুটি দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় রেকর্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত