বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘২০০৯ সাল থেকে আজ পর্যন্ত যতগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সবগুলোতে ক্রসফায়ারের কথা বলা হচ্ছে। এই ক্রসফায়ারে শুধু জীবন যাচ্ছে না, সত্যও নিহত হচ্ছে। ক্রসফায়ারে সত্যকেও মেরে ফেলা হচ্ছে।’
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে খুন-গুম ও বিচারবহির্ভূত হত্যা ও মেজর সিনহার হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, ‘বিচারবহির্ভূত ক্রসফায়ারের এই কালচার বন্ধ করতে হবে। কোনো ঘটনার নিরপেক্ষ তদন্ত আমরা অবশ্যই চাই। তবে সেটি কাউকে বাঁচানোর জন্য নয়, কাউকে ফাঁসানোর জন্য নয়। এই নিরপেক্ষতা তদন্তের মধ্য দিয়ে একটি উদাহরণ সৃষ্টি হোক যে, বাংলাদেশে ন্যায়বিচার আছে। তাতে হয়তো ক্রসফায়ারে নিহতদের আত্মা শান্তি পাবে।’
তিনি বলেন, ‘আমরা দেখেছি, অনেক সময় কূটনীতিক গুম হয়ে যায়। ব্যাংকার গুম হয়ে যায়। সাংবাদিক গুম হয়ে যায়। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা গুম হয়ে যায়। বিমান বাহিনীর পাইলট গুম হয়ে যায়। তারপরে তারা দাপটের সাথে চলাফেরা করে। আর যখনই চোর-দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা উঠে তখন নতুন নতুন কাহিনী বের হলে আইসিটি অ্যাক্টে মামলায় সাংবাদিকদের ধরে ধরে জেলে ভরে। অর্থাৎ ভিন্নমতকে দমন করার জন্য যা কিছু করা দরকার, সেটা করে।’
যুবদলের সাবেক এ সভাপতি আরও বলেন, ‘স্বাস্থ্যখাতে দুর্নীতির কথা ভিপি নুর বলেছেন। এই স্বাস্থ্যখাতে একটা দুর্নীতির উদাহরণ শোনেন। মোবাইল শপ যারা গাড়ি মেরামত করে সেই শপকে ৩০ কোটি টাকার বাজেট দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, মাস্ক-পিপিইসহ স্বাস্থ্য সরঞ্জাম কেনার জন্য ৯ কোটি টাকার বিল দিয়েছে। কিন্তু ছয় মাসেও সেগুলো সরবরাহ করতে পারেনি। এখন তারা পালিয়ে বেড়াচ্ছে। খুলনায় জাহাজ মেরামত কোম্পানিকে ২ কোটি টাকা বাজেট দিয়েছে স্বাস্থ্য সরঞ্জাম কেনার জন্য। কিন্তু এগুলো তো প্রকাশ্যে আসছে না। কত বিচিত্র রকমের দুর্নীতির মধ্যদিয়ে এ সরকার চলছে।’
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনে করে তারা সবচেয়ে শক্তিশালী লোহা, লোহাকে কেউ ধ্বংস করতে পারে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, লোহাকে ধ্বংস করতে বাইরের কোনও শক্তি লাগে না, লোহা নিজে নিজেই ধ্বংস হয়ে যায়। আর সেটি হয় তখন, যখন লোহায় জং ধরে। আওয়ামী লীগের মধ্যেও এখন জং ধরেছে। যদি তারা সুপথে না আসে তাহলে এই জং এর কারণে ধীরে ধীরে ক্ষয় হয়ে তাসের ঘরের মতো ধ্বংস হয়ে যাবে।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ভিপি নুরুল হক নুর প্রমুখ।
