দুদকের মামলায় বিজেএমসি কর্মকর্তা কারাগারে

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০৭:৪০ পিএম

খুলনায় পাটজাত পণ্যের ওজনে কারচুপি করে প্রায় সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) খুলনা আঞ্চলিক কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র ভুঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে মহানগর স্পেশাল দায়রা জজ শহীদুল ইসলাম আসামির জামিন নাকচ করে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ২৯ মে পর্যন্ত দায়িত্বে থাকাকালে আসামিরা প্লাটিনাম জুবিলি জুট মিলসের বাতিল পাটজাত পণ্যের (ওয়েস্টেজ রোল) ওজনে ঘাটতি দেখিয়ে ১৫২৯ দশমিক ২৯ মেট্রিক টন পণ্য আত্মসাৎ করেন, যার মূল্য ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় ২০১৬ সালের ৯ ডিসেম্বর নগরীর খালিশপুর থানায় দুদক মামলা করে। ২০১৯ সালের ২৬ আগস্ট বিজেএমসির মহাব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) জাহাঙ্গীর হোসেন, প্লাটিনাম জুবিলি জুট মিলসের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) লিয়াকত হোসেন ও বিজেএমসি খুলনা আঞ্চলিক কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) শংকর চন্দ্র ভুঁইয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন ও লিয়াকত হোসেন বর্তমানে জামিনে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত