দুবাইয়ের যুবরাজ সেখ হামাদ বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুয়াম প্রকৃতিপ্রেমী বলেই পরিচিত। সম্প্রতি তার ২ কোটি ২৮ লাখ টাকা দামের প্রিয় মার্সিডিজ-এএমজি জি৬৩ এসইউভি-র বনেটের ওপরে পাখি বাসা বেঁধেছে।
পাখির বাসা দেখেই তিনি বুঝতে পারেন, এতে ডিম দেবে পাখি দুটি। অতিথি এই পাখির পরিবারের যাতে কোনো অসুবিধা না হয় তার সব রকম ব্যবস্থা করেন বিন মহম্মদ। তিনি গাড়িটিকে ঘিরে দেন। পাশাপাশি তার কর্মচারীদের নির্দেশ দেন, যাতে পাখিগুলোর কোনো অসুবিধা না হয়।
সেই সঙ্গে তিনি পাখির পরিবারের ওপর দূর থেকে নজর রাখার জন্য ক্যামেরার বন্দোবস্ত করেন। দূর থেকে ক্যামেরায় তাদের গতিবিধি রেকর্ড করেন। ক্যামেরায় রেকর্ড হওয়া সেই ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, পাখিগুলো ডিম পেড়েছে। পরে দেখা যাচ্ছে, সেই ডিম ফেটে কী ভাবে দু’টি বাচ্চা বেরিয়ে আসছে।
স্বাভাবিক ভাবেই ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি। সেই সঙ্গে বিন মহম্মদের এমন কাজের প্রশংসাও করেছেন নেটিজেনরা।
