মহেন্দ্র সিং ধোনি অবসরের ঘোষণা দেওয়ার পর সুরেশ রায়নাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান। শনিবার রাত আটটা নাগাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন রায়না। কিন্তু ভারতীয় বোর্ড (বিসিসিআই) শুরুতে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। শেষ পর্যন্ত রবিবার রাত ১১ টার পর বিজ্ঞপ্তি দেয় তারা।
প্রায় ২৭ ঘণ্টা পর বিজ্ঞপ্তি দেওয়া প্রসঙ্গে বিসিসিআইয়ের দাবি, রবিবার বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রায়না।
বিসিসিআইয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে রায়নাকে ‘বিশ্বমানের ফিল্ডার’ এবং ‘কার্যকরী বোলার’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রায়না দুর্ধর্ষ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। চাপের মুহূর্তে দাঁড়িয়ে দুজনে যেভাবে একাধিক ম্যাচ জিতিয়েছিলেন, বিসিসিআইয়ের পক্ষে তারও প্রশংসা করা হয়েছে।
রায়নার অবসর নিয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পারফরমার ছিলেন সুরেশ রায়না। নিচের দিকে ব্যাট করতে নামা এবং ম্যাচ জেতানো ইনিংস খেলার জন্য প্রচুর দক্ষতা এবং প্রতিভার প্রয়োজন হয়। যুবরাজ সিং এবং মহেন্দ্র ধোনির সঙ্গে একদিনের ম্যাচে ও (রায়না) ভারতের শক্তিশালী মিডল অর্ডার তৈরি করেছিল। আমি ওকে এবং ওর পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি।’
ভারতীয় বোর্ডের পক্ষে ২৭ ঘণ্টা পর রায়নার অবসরের বিবৃতি প্রকাশ করা হলেও শনিবারই বাঁ-হাতি ব্যাটসম্যানকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা (আইসিসি)।
