অবশেষে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ক্লাবপাড়ায় ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিদেশে পালিয়ে থাকা মমিনুল হক সাঈদকে। রবিবার পাঁচ সহ-সভাপতির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বিগত সাত মাস ফেডারেশনে অনুপস্থিতি, সর্বোচ্চ তিনটি নির্বাহী সভায় অনুপস্থিত থাকা, নির্বাহী দায়িত্ব পালন না করা, অনুপস্থিতির কারণ ও নিজের বর্তমান অবস্থান জানাতে না পারার অভিযোগে পদটি খোয়াতে হলো সাবেক হকি তারকা আবদুস সাদেককে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া সাঈদকে। গত বছর মতিঝিলসহ ঢাকার বেশ কয়েকটি স্পোর্টিং ক্লাবে ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি সাঈদের বিরুদ্ধে আরামবাগসহ বেশ কয়েকটি ক্লাবের ক্যাসিনো ব্যবসা নিয়ন্ত্রণ করার অভিযোগ ওঠে। সে সময় মহিলা হকি দল নিয়ে সিঙ্গাপুরে ছিলেন তিনি। অভিযানে বেশ কজন শীর্ষ রাজনৈতিক নেতা ধরা পড়ার পর গ্রেপ্তার এড়াতে আর দেশে ফিরে আসেননি সাঈদ। বাধ্য হয়ে প্রথম যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফকে দেওয়া হয় ভারপ্রাপ্ত দায়িত্ব। সম্প্রতি সভাপতির নির্দেশে নিখোঁজ সাঈদের অবস্থান জানতে চেয়ে চিঠি পাঠান ভারপ্রাপ্ত সম্পাদক ইউসুফ।
×
