কক্সবাজারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহতের ঘটনায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ তিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। গতকাল সোমবার প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তদন্ত কমিটির সদস্যরা কক্সবাজার জেলা কারাগারে গিয়ে পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতকে দিনভর জিজ্ঞাসাবাদ করেন। আজ মঙ্গলবার প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদ করবে এই তদন্ত কমিটি।
জানা যায়, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটির চার সদস্য গতকাল বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা কারাগারে পৌঁছান। পরে তারা সিনহা নিহতের ঘটনায় তার বোনের করা মামলার আসামি টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী এবং উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদ শুরু করেন, যা দিনভর চলে।
কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন দেশ রূপান্তরকে জানান, তদন্ত কমিটির সদস্যরা কারাগারের ফটকে পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদ করেন।
প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান বলেন, ‘ওসি প্রদীপসহ যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে তাদের মধ্যে পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদ শেষ করা হয়েছে। ওসি প্রদীপকে আগামীকাল (আজ) জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য চার পুলিশ সদস্য ও তিন সাক্ষীর আগেই জিজ্ঞাসাবাদ শেষ করেছি আমরা।’
এর আগে গত রবিবার টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে তদন্ত কমিটি গণশুনানি করে। ওই শুনানিতে ৯ জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেন।
সিনহা নিহতের ঘটনাস্থল পরিদর্শনে র্যাব ডিজি : সিনহা হত্যা মামলার তদন্তকাজ ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তদন্তকাজে দুই বাহিনীর মধ্যে সমন্বয়হীনতা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল বিকেলে সিনহা নিহতের ঘটনাস্থল কক্সবাজারের টেকনাফের শামলাপুর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন র্যাব প্রধান। সিনহা হত্যা মামলার তদন্ত তদারকিতে গতকাল সকালে হেলিকপ্টারে করে কক্সবাজারে যান তিনি। দিনভর তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর বিকেলে শামলাপুরের ঘটনাস্থলে যান।
পরিদর্শক লিয়াকত গুলি করার সময় সিনহা রাশেদের অবস্থান র্যাব মহাপরিচালককে দেখান মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলাম। এ ছাড়া টেকনাফের শামলাপুর চেকপোস্টে যে ড্রাম ব্যবহার করে সিনহার গাড়ির গতিরোধ করা হয় এবং গুলিবিদ্ধ হওয়ার পর সিনহার দেহ কোথায় পড়ে ছিল তাও দেখানো হয়।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মহাপরিচালককে জানান, শামলাপুর চেকপোস্টে আসার আগে সিনহার গাড়ি বিজিবির চেকপোস্টে থেমেছিল। সেখানকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের মনে হয়নি যে গাড়িটি কেউ তাড়া করছে। তিনি আরও বলেন, পাহাড়ে উঠতে আর প্রাকৃতিক দৃশ্য ধারণে নিয়মিত এসব এলাকায় আসতেন সিনহা ও সিফাত।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, তদন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা তদন্ত করতে তারা বিব্রত নন।
দুই বাহিনীর মধ্যে কোনো সমন্বয়হীনতা রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে র্যাব প্রধান বলেন, ‘মেজর রাশেদ নিহতের ঘটনার তদন্ত করা হচ্ছে পেশাদারিত্বের সঙ্গে। তদন্ত সম্পন্ন করার পর সবকিছু জানানো হবে।’
কার নির্দেশে সিনহাকে গুলি করা হয়েছিল এমন প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ‘তদন্তাধীন বিষয় নিয়ে কোনো কথা বলা যাচ্ছে না।’
গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।
