হলি আর্টিজান মামলার পেপারবুক হাইকোর্টে

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৩:৩৮ এএম

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা মামলায় মৃত্যুদ-প্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানির জন্য রায়ের পেপারবুক (মামলার রায়সহ যাবতীয় নথি) হাইকোর্টে এসেছে। গতকাল সোমবার বিজি প্রেস থেকে যাবতীয় নথি হাইকোর্টে আসে বলে গণমাধ্যমকে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। ২০১৬ সালের ১ জুলাই নারকীয় এই জঙ্গি হামলার মামলায় রায়ের পর মৃত্যুদন্ডপ্রাপ্ত সাতজনের ডেথ রেফারেন্স বিচারিক আদালত থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পাঠানো হয় গত বছরের ৫ ডিসেম্বর।

দেশ-বিদেশে আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয় গত বছরের ২৭ নভেম্বর। রায়ে সাত জঙ্গিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের কথা বলা হয়।  ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান (জেলা ও দায়রা জজ) এ মামলার রায় দেন। এতে সর্বোচ্চ সাজা পান জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশিদ ওরফে রিপন, শফিকুল ইসলাম ওরফে খালেদ, আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ ও হাসিবুর রহমান সাগর। মৃত্যুদন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে এক আসামিকে খালাস দেয় আদালত।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত জুনের শেষ সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন, ‘এ হত্যাকান্ডটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। এই মামলায় আমরা অবশ্যই পদক্ষেপ নেব। আগেই পদক্ষেপ নিতাম যদি কভিড-১৯ না আসত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত