তালিকাভুক্ত সিকিউরিটিজ লেনদেনে মোবাইল ফোন অ্যাপ ডিএসই-মোবাইল ব্যবহারে ফি নেওয়ার সিদ্ধান্ত নিলেও তা থেকে পিছিয়ে এসেছে ডিএসই। গত ৯ আগস্ট ডিএসই-মোবাইল অ্যাপস ব্যবহারে প্রতি মাসে ১৫০ টাকা করে গ্রাহকদের কাছ থেকে ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্রোকারেজ হাউজগুলোকে তা জানিয়ে দেয় ডিএসই, যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে ব্রোকারেজ হাউজগুলোর চাপে গত সোমবার তা প্রত্যাহার করে নেয় ডিএসইর পর্ষদ।
এর আগে ২০১৯ সাল থেকে ডিএসই-মোবাইলে চার্জ আরোপের সিদ্ধান্ত নেওয়া হলেও ট্রেকহোল্ডার ও বিনিয়োগকারীদের চাপের মুখে প্রত্যাহার করে নেয়। এবারও ফি আরোপ করে তা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও নিষ্ক্রিয় মোবাইল অ্যাপস ব্যবহারকারীদের নিবন্ধন বাতিল করা হবে।
২০১৬ সালের ৯ মার্চ থেকে চালু হওয়ার পর থেকে বিনামূল্যে ট্রেকহোল্ডারদের মাধ্যমে গ্রাহকদের ডিএসই মোবাইল অ্যাপস সেবা দিয়ে আসছে। প্রতি মাসে গ্রাহকের কাছ থেকে ১৫০ টাকা ফি নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা থেকে ফ্লেক্সট্রেডকে ১০০ টাকা, ডিএসই ২৫ টাকা ও ব্রোকারেজ হাউজকে ২৫ টাকা দেওয়ার প্রস্তাব ছিল।
অ্যাপ্লিকেশনটির দুটি সংস্করণ রয়েছে। একটি ডিএসই-মোবাইল ভিআইপি, নন-ট্রেডিং সংস্করণ এবং অপরটি ডিএসই-মোবাইল ট্রেডার, ট্রেডিং সংস্করণ। অ্যাপসটি ব্যবহারকারীদের সরাসরি সিকিউরিটিজ লেনদেনের আদেশ দেওয়ার অনুমতি দেয়, তবে কোনো অস্বাভাবিক ক্রয়-বিক্রয়াদেশ থাকলে ট্রেডার ও ব্রোকার তা বাতিল করতে পারে।
