দেশের অর্থনীতি গতিশীল করতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়ে গতকাল মঙ্গলবার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।
সার্কুলারে বলা হয়, ব্যাংক খাতে করোনার প্রাদুর্ভাব এবং কমিউনিটি ট্রান্সমিশন রোধে বিশেষ পরিস্থিতিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, নিরবচ্ছিন্ন জরুরি ব্যাংকিং সেবা নিশ্চিত, অনলাইন ব্যাংকিং জোরদার, রোস্টারিংয়ের মাধ্যমে অফিসের কার্যক্রম সম্পন্ন, প্রযোজ্য ক্ষেত্রে কোয়ারেন্টাইন ছুটি প্রদান, পারস্পরিক দূরত্ব বজায় ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালনসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছিল। দেশের অর্থনীতির গতি স্বাভাবিক করার উদ্দেশ্যে নতুন কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সেগুলো হলো ব্যাংকগুলো নিরবচ্ছিন্নভাবে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। ঝুঁকিপূর্ণ, করোনা আক্রান্ত কর্মকর্তা-কর্মচারী ও সন্তানসম্ভবা নারী ব্যাংকাররা চিকিৎসকের প্রত্যয়নপত্র দিয়ে অফিসে আসা থেকে বিরত থাকবেন এবং ব্যাংকগুলোর সান্ধ্যকালীন এবং প্রযোজ্য ক্ষেত্রে সাপ্তাহিক ছুটিকালীন শুক্র ও শনিবার কার্যক্রম স্বাভাবিক নিয়মে আগের মতো পরিচালিত হবে। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে বলে সার্কুলারে জানানো হয়।
