সম্রাটের দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৪:১৪ এএম

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তা ও সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম তদন্ত চলাকালে সম্রাটের রাজধানীর ডিওএইচএস ও কাকরাইলে ফ্ল্যাট দুটি ক্রোকের নির্দেশনা চান। শুনানি নিয়ে এ নির্দেশ দেয় আদালত।

গত ১২ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেন। এতে সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। গত ১৭ নভেম্বর এ মামলায় সম্রাটের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের ক্লাবপাড়ায় র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে এলে সম্রাট আত্মগোপনে চলে যান। এরপর ৭ আগস্ট কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত