করোনাভাইরাসের কারণে ভিয়েতনামে আটকেপড়া ১১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে অবতরণ করে ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইট।
জানা গেছে, আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস (হ্যানয়) এ বিশেষ প্রত্যাবাসনের আয়োজন করে। বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধে ভিয়েতনাম সরকার অবৈধ শ্রমিকদের পাসপোর্ট পুনরুদ্ধার, ভিসাহীন অবস্থানের ক্ষতিপূরণ মওকুফ এবং ফিরে যাওয়ার অনুমতি দেয়। ভিয়েতনাম সরকারের সাহায্য ও সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস আটকেপড়া শ্রমিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইটের অনুমতি সংগ্রহ করে। এজন্য ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। ভিয়েতনামে নিযুক্ত রাষ্ট্রদূত সামিনা নাজ গণমাধ্যমকে বলেন, অনলাইনে নিবন্ধন শেষ হওয়ার পর বিশেষ ফ্লাইটের ব্যবস্থা ও উভয় সরকারের অনুমোদনসহ সব প্রক্রিয়া সম্পন্ন করেই শ্রমিকদের দেশে পাঠানো হয়েছে। ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনস ভিয়েতনাম ছাড়াও কভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, লাহোর, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই, মাসকাট, দোহা ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
